
শেষ আপডেট: 12 June 2023 11:06
দ্য ওয়াল ব্যুরো: শাস্তি হল শুভমান গিলের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে আম্পায়ারের ভূমিকা নিয়ে সমালোচনা করায় তাঁর ম্যাচ ফি-র ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। স্লো ওভার রেটের কারণে ভারতের পুরো দলকে ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে, সেই কারণে ভারতের ওপেনারকে দিতে হবে ১১৫ শতাংশ টাকা।
খেলার দ্বিতীয় ইনিংসে গিল আউট হয়ে যান ১৮ রানের মাথায়। স্কট বোল্যান্ডের বলে স্লিপে ক্যাচ তোলেন। সেই ক্যাচ তালুবন্দি করার সময় ক্যামেরন গ্রিনের হাত মাটি স্পর্শ করেছিল। মাঠের আম্পায়ার সিদ্ধান্ত না নিয়ে পাঠান তৃতীয় আম্পায়ারের কোর্টে। টিভি রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন, গ্রিনের ক্যাচ বৈধ।
এই ঘটনা নিয়ে তোলপাড় পড়ে যায়। সবাই গিলের সমর্থনে কথা বলতে থাকেন। তাতে প্রভাবিত হয়ে ভারতের তরুণ ওপেনারও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আম্পায়ারের সমালোচনা করেন। ইমোজি ব্যবহার করে বুঝিয়ে দেন, তিনি এই বিষয়টি মানতে পারেননি।
এতেই চক্ষুশূল হয়ে ওঠে আইসিসি-র। ওই ঘটনার পরেই অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং বলেছিলেন, গিল ভুল করল। এভাবে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করা যায় না। ওর বক্তব্য বোর্ড মারফৎ আইসিসি-কে চিঠি দিলে এই নিয়ে সমস্যা হতো না।
এদিকে, খেলায় স্লো ওভার রেটের কারণে রোহিত শর্মার দলকে ১০০ শতাংশ জরিমানা করা হয়। তার মানে মোট ক্রিকেটারদের ম্যাচ ফি-র ১০০ শতাংশ কেটে নেবে আইসিসি। সেক্ষেত্রে শুভমানকে অনেকবেশি টাকা জরিমানা দিতে হবে।