
শেষ আপডেট: 17 November 2023 22:25
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূল নেতার খুনে তদন্ত চলার মধ্যে জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জিকে বদল করা হল। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের স্পেশ্যাল ব্রাঞ্চে তাঁকে পাঠানো হচ্ছে। সেই জায়গায় আনা হচ্ছে পার্থসারথি পালকে। তিনি বারুইপুর পুলিশ জেলার ডিআইবি পদে রয়েছেন।
তৃণমূল নেতা সইফুদ্দিনের খুনের ঘটনার পর থেকে অস্থির হয়ে রয়েছে জয়নগরের দলুয়াখাঁকি গ্রাম। ইতিমধ্যে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে মূল অভিযুক্ত আনিসুর রহমান লস্করকে হরিণঘাটা থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার আনিসুর ও তার এক সঙ্গী কামালুদ্দিনকে বারুইপুর আদালতে তোলা হয়েছিল। সেখানে পুলিশ তাদের ১৪ দিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে। তাতে ১১ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
রাতারাতি আইসি বদল হতেই বিতর্ক তৈরি হয়েছে। অনেকে বলতে শুরু করেছেন মামলার মোড় ঘোরাতেই এই রদবদল ঘটনা হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, এটি রুটিন বদলি। সূত্রের খবর, নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই অশান্তি নিয়ে মন্ত্রিদের সতর্ক করা হয়েছে এবং যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য যে যার এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ধৃত আনিসুর রহমান লস্কর ও কামালউদ্দিন ঢালিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গোটা অপারেশন করতে ৫ লক্ষ টাকা সুপারি দেওয়ার কথা হয়েছিল। এক্ষেত্রে আরও দুজনের নাম উঠে এসেছে পুলিশি তদন্তে। এই দুজনই নাকি এই হত্যাকাণ্ডের পুরো খরচ দেবে বলে কথা দিয়েছিল। পুলিশ সূত্রে খবর, এই দুই নতুন অভিযুক্তের মধ্যে একজন সইফুদ্দিনের আত্মীয়।
জানা গিয়েছে, ঘটনার পরেও আনিসুর ও কামালউদ্দিন এলাকায় ছিল। পরিস্থিতি অশান্ত হতে দেখে তারা এলাকা ছেড়ে পালায়। প্রথমে তারা জয়নগর থেকে গোসাবার দিকে যায়। তারপর লঞ্চ করে সন্দেশখালির দিকে রওনা হয়। এই যাত্রার মধ্যে মাঝের দুদিন লঞ্চেই থেকেছে। সেখান থেকে নদিয়া হয়ে মুর্শিদাবাদে গা ঢাকা দেওয়ার পরিকল্পনা করেছিল। পরে নদিয়ার হরিণঘাটায় পুলিশের হাতে ধরা পড়ায় সমস্ত প্ল্যান ভেস্তে যায়। পুলিশ জানতে পেরেছে, এই দুজনই পরিস্থিতি বুঝে বাংলাদেশে চলে যাওয়ারও পরিকল্পনা করছিল।
পুলিশের অনুমান, এই কয়েকজনই নয়, হত্যাকাণ্ডের পিছনে ১০ থেকে ১২ জনের সক্রিয় ভূমিকা রয়েছে। তিনজনকে গ্রেফতার করতে পারলেও বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার দিন সাহাবুদ্দিন নামে আরও এক অভিযুক্তের গণপিটুনিতে মৃত্যু হয়েছে।