উত্তরপ্রদেশে বিক্ষোভে নিহত আইএএস পরীক্ষার্থী, গুলি চালানোর কথা মানল পুলিশ
দ্য ওয়াল ব্যুরো : উত্তরপ্রদেশে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে দু'সপ্তাহ আগে থেকে। বার বার অভিযোগ উঠেছে, বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে পুলিশ। বেশ কয়েকদিন ধরে সেকথা অস্বীকার করার পরে সোমবার পুলিশ মেনে নিল গুলি চালানোর
শেষ আপডেট: 24 December 2019 05:08
দ্য ওয়াল ব্যুরো : উত্তরপ্রদেশে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে দু'সপ্তাহ আগে থেকে। বার বার অভিযোগ উঠেছে, বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে পুলিশ। বেশ কয়েকদিন ধরে সেকথা অস্বীকার করার পরে সোমবার পুলিশ মেনে নিল গুলি চালানোর কথা। এই প্রসঙ্গেই পুলিশকর্তারা জানিয়েছেন, বিজনোরে গুলিতে মৃত্যু হয়েছে সুলেমান নামে এক যুবকের। অবশ্য তাঁদের দাবি, আত্মরক্ষার্থে ওই যুবকের দিকে গুলি চালিয়েছিলেন এক কনস্টেবল। সুলেমানের পরিবার জানিয়েছে, তিনি আইএএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
উত্তরপ্রদেশে বিক্ষোভ দেখাতে গিয়ে মারা গিয়েছেন ১৬ জন। অনেক জায়গাতেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে হিংসাত্মক আন্দোলন হয়েছে। এর মধ্যে পশ্চিম উত্তরপ্রদেশে বিজনোর শহরের পুলিশ প্রধান জানান, এক কনস্টেবল আত্মরক্ষার্থে ২০ বছরের যুবক সুলেমানের উদ্দেশে গুলি চালিয়েছিলেন।

পুলিশকর্তার কথায়, "ওই কনস্টেবলের রাইফেল ছিনিয়ে নেওয়া হয়েছিল। তিনি যখন রাইফেলটি ফেরত পেতে চেষ্টা করছিলেন তখন ভিড়ের মধ্যে থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। কনস্টেবল খুব অল্পের জন্য বেঁচে যান। পরে আত্মরক্ষার্থে তিনি এক হাঙ্গামাকারীর দিকে গুলি চালান।"
বিজনোরের পুলিশ সুপার সঞ্জীব ত্যাগী বলেন, "গুলি লাগার পরে ছেলেটির বন্ধুরা তাকে নিয়ে গিয়েছিল। তার নাম সুলেমান। সে মারা গিয়েছে। আনিস নামে আরও এক বিক্ষোভকারীরও গুলি লেগেছিল। ভিড়ের মধ্যে থেকে ছোঁড়া গুলিতে সে আহত হয়। সেও পরে মারা গিয়েছে।"
এর আগে উত্তরপ্রদেশ পুলিশের ডিজি ও পি সিং সরাসরি গুলি চালানোর কথা অস্বীকার করেন। তিনি বলেন, আমরা একটি গুলিও চালাইনি। তাঁর দাবি, বিক্ষোভকারীরাই আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল। গুলিতে কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন।
সুলেমানের দাদা শোয়েব মালিক বলেন, "আমার ভাই নমাজ পড়তে গিয়েছিল। কয়েকদিন ধরে সে জ্বরে ভুগছিল। সে বাড়ির কাছের মসজিদে যায়নি। কিছু দূরে এক মসজিদে গিয়েছিল। সে যখন মসজিদ থেকে বেরোয়, বাইরে লাঠিচার্জ হচ্ছে, টিয়ার গ্যাসের শেল ফাটছে। পুলিশ তাকে তুলে নিয়ে গিয়ে গুলি করে।"