দ্য ওয়াল ব্যুরো: বায়ুসেনার পাইলটের তৎপরতায় ভেঙে পড়তে পড়তেও রক্ষা পেল একটি জাগুয়ার যুদ্ধবিমান। বৃহস্পতিবার সকালে আম্বালার এই ঘটনার পিছনে অবশ্য রয়েছে, ছোট্ট একটি পাখি।
সূত্রের খবর, যুদ্ধবিমানের মহড়া চলার সময়ে আচমকা একটি পাখির কারণে বিমানের একটি ইঞ্জিন অকেজো হয়ে যায়। বিমানটি ভেঙে পড়ার অবস্থা হয়। এই সময়ে যুদ্ধবিমানটির পাইলট বুদ্ধি করে বিমানটি থেকে ফেলে দেন তার জ্বালানি ট্যাঙ্ক এবং বেশ কিছু বোমা। মহড়ার জন্য ওই বোমাগুলি যুদ্ধবিমানে মজুদ ছিল বলে জানা গিয়েছে।
বায়ুসেনা সূত্রের খবর, একটি ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ার পরে যখনই নিয়ন্ত্রণ হারাতে শুরু করে বিমানটি, তখনই পাইলট বোঝেন যে বিমানটি হাল্কা করে ফেললে কোনও ভাবে ল্যান্ডিং করা যেতে পারে। তাই তিনি সঙ্গে সঙ্গে ফেলে দেন জ্বালানি। ফেলে দেন বোমাগুলিও।
এর পরে আম্বালার বায়ুসেনা ঘাঁটিতে নিরাপদে বিমানটি অবতরণ করান তিনি। পরে তাঁর ফেলে দেওয়া বোমাগুলিও উদ্ধার করা সম্ভব হয়। ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
এর আগে মহড়ার সময়ে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে একাধিক বার জখম বা মৃত্যু হয়েছে সেনাদের। কিন্তু এই বারে পাইলট সেনার তৎপরতার কারণে সে বিপদ আটকানো গেল।