
শেষ আপডেট: 27 February 2019 18:30
প্রথমে রক্তমাখা মুখের ভিডিও, পরে রক্ত মুছে চায়ের কাপ হাতে ভিডিও--একের পর এক ভিডিও বার্তায় শঙ্কার মেঘ ঘন হয়েছে দেশবাসীর বুকে।প্রাক্তন এয়ার মার্শাল সিমহাকুট্টি কড়া ধাঁচের মানুষ হলেও, এইসব ভিডিও তাঁর মনে যে দুর্যোগের মেঘ তৈরি করেছিল সেটা বলাইবাহুল্য। সেনাদের পিছুটান থাকতে নেই। দেশের স্বার্থে কোনও দুর্বলতাই কাম্য নয়। তাই হয়তো পুরনো ধাঁচের মিগ-২১ নিয়ে পাক ফাইটার জেটকে ধাওয়া করতে করতে পাক আকাশসীমায় ঢোকার আগের মুহুর্তেও অভিনন্দন একটি বারও ভাবেননি পরিণতির কথা। ছেলের কৃতিত্বে গর্বিত বাবার বুক যন্ত্রণায় দুমড়ে মুচড়ে গেলেও সংযম ও ধৈর্য্যের সবটুকু ধরে রেখে সিমহাকুট্টি বলেছিলেন, "আমার ছেলের এই শৌর্য, বীরত্বে আমি গর্বিত। আশা করছি ও নিরাপদে ও সুস্থ শরীরে আমাদের কাছে ফিরে আসবে।"
দক্ষিণী ছবি 'কাতরু ভেলিইদাই'-র জন্য একসময়ে মণি রত্নমকে পরামর্শ দিয়েছিলেন সিমহাকুট্টি। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবির কেন্দ্রীয় চরিত্র ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার বরুণ চক্রপানিরও দশা হয়েছিল অভিনন্দনেরই মতো। যুদ্ধবিমান ভেঙে পড়ায় বরুণও প্যারাশুট নিয়ে নেমেছিলেন পাক অধিকৃত কাশ্মীরে। ধরা পড়েছিলেন পাক সেনাদের হাতে। যুদ্ধবন্দী হয়ে দিনের পর দিন তাঁর উপর অকথ্য নির্যাতন চালিয়েছিল পাক সেনারা। শেষে পাক সেনাদের কড়া নজর এড়িয়ে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে দেশে ফিরতে পেরেছিলেন বরুণ।
পাক সেনাদের হাতে আটক হওয়ার আগে উন্মত্ত গ্রামবাসীদের কাছে ছেলের কী দশা হয়েছিল সেটা জানেন সিমহাকুট্টি। অবিরাম পাথরবৃষ্টি, লাথি, মার, এমনকী গুলির ঘায়ে বিদ্ধ হয়েও উগ্রতাকে প্রশ্রয় দেননি অভিনন্দন। চোখ-মুখ দিয়ে রক্তের ধারা নেমে এলেও তাঁর শান্ত, সংযত ভঙ্গি মুগ্ধ করেছে দেশবাসীকে। সম্ভবত পাক নাগরিকদেরও। তাই তাঁর দ্রুত মুক্তির জন্য উত্তাল হয়ে উঠেছিল দুই দেশই। রিল লাইফের বরুণ ঘরে ফিরেছিলেন। কিন্তু অভিনন্দন এখনও ফেরেননি। রাত পেরিয়ে আর একটা দিন শুরু হতে যাচ্ছে। বিশ্বাস আর আশায় প্রতীক্ষার প্রহর গুনছে গোটা দেশ।
ফিরবে অভিনন্দন। ওয়াঘার এ পার থেকে ছেলেকে দেখে মুখে হাসি ফুটবে সিমহাকুট্টির। চোখের জলে আনন্দ ঝরে পড়বে অভিনন্দনের মায়ের। ছেলেকে বুকে জড়িয়ে ধরে কী বলবেন? স্বপ্ন সাজাচ্ছেন দু'জনেই। অপেক্ষা! এখন শুধু অপেক্ষা!
আরও পড়ুন:
https://thewall.in/national-news-pakistani-eyewitness-recalls-iaf-pilot-abhinandans-dramatic-capture/