দ্য ওয়াল ব্যুরো: বাঙালি বছরের পর বছর আসল নকল থেকে সাবধান হয়ে এসেছেন। তা সে দুলালের তালমিছরি হোক বা বেণীমধব শীলের ফুলপঞ্জিকা। কোথাও পদবী , কোথাও সই আবার কোথাও বা চিহ্ণ দেখে কিনতে বলা হয় এসব জিনিস। এবার ভারতীয় বায়ুসেনাও আসল নকল নিয়ে সাবধান করলেন সাধারণদের। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে জানানো হল অভিনন্দন বর্তমানের কোনও সোশ্যাল অ্যাকাউন্ট নেই। তাই নকল কোনও অ্যাকাউন্ট সম্পর্কে সাবধান করা হল দেশের নাগরিককে।
বায়ুসেনার এই অফিসার ২৬শে ফেব্রুয়ারি থেকে ৬০ ঘণ্টা পাকিস্তানে কাটিয়ে দেশে ফিরে এসেছেন পয়লা মার্চ। রাত ন’টা বেজে ২০ মিনিটে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে পা রাখেন উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। সীমান্তে দাঁড়িয়েই বলেন, দেশে ফিরতে ভালো লাগছে। তারপর থেকেই তাঁকে নিয়ে সারা দেশ জুড়ে উন্মাদনা শুরু হয়েছে। কেউ তাঁর মতো গোঁফ রাখছেন , তো কেউ আবার তাঁকে শ্রদ্ধা জানাতে শাড়িতে তাঁর ছবি প্রিন্ট করাচ্ছেন। আর এখন দেখা যাচ্ছে তাঁর ফেক অ্যাকাউন্ট তৈরি হয়েছে ছ’ছটা। কে বা কারা তৈরি করেছেন তা অবশ্য এখনো জানা যায়নি। IAFAbinandanV, abhinandanhere, @Pilotiaf, @WC_Abhinandan, @AbhiNandan, @AbhiNandan_Wcdr, @W_abhinandan এই ফেক অ্যাকাউন্টগুলোর উল্লেখ রয়েছে ভারতীয় বায়ুসেনার ট্যুইটারে।
https://twitter.com/IAF_MCC/status/1103203607594369024
উইং কম্যান্ডার অভিনন্দনের বাবা ও ঠাকুর্দাও বায়ুসেনার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মুক্তি পাওয়ার পরে অনেকে আশা করেছিলেন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমবে। উত্তেজনা কমার বদলে ‘অভিনন্দন স্টাইল’-এ গোঁফ রাখছেন কেউ , যার পোশাকি নাম gunslinger moustache। আবার কেউ বা চুলেও দিচ্ছেন অভিনন্দন ছাঁট। বেজায় খুশি সেলুন মালিকরাও। বাড়তি লাভের পাশাপাশি তাঁরা বলছেন, “সত্যিই একজন আসল হিরোর স্টাইল বাকিদের মধ্যে ফুটিয়ে তুলতে পেরে আমরা ধন্য।” আর এ বার এই উদ্দীপনায় নতুন সংযোজন তাঁর নামে খোলা ফেক অ্যাকাউন্ট। তবে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই এবার সকলকে এ বিষয়ে জানিয়ে দেওয়া হল।