
শেষ আপডেট: 9 August 2020 18:30
ভারতীয় সেনা সূত্রে জানাচ্ছে, পূর্ব লাদাখের গালওয়ান নদী উপত্যকা, গোগরা হট স্প্রিং, প্যাঙ্গং লেকের উত্তরে পাহাড়ি ফিঙ্গার এলাকা ও অন্যদিকে দেপসাং সমতলভূমিতে ঘাঁটি গেড়ে রয়েছে চিনের লাল ফৌজ। পেট্রোলিং পয়েন্ট ১৫ রয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর। কিন্তু পেট্রোলিং পয়েন্ট অর্থাৎ পিপি ১০, পিপি ১১, পিপি ১২ ও পিপি ১৩ পয়েন্ট রয়েছে উত্তর লাদাখে, দেপসাং সমতলভূমি বরাবর। রাকি নালা থেকে জীবন নালা পর্যন্ত, যেটা এলএসি-র কাছাকাছি পড়ে না। এই পয়েন্টগুলো ভারতীয় সেনার নিয়ন্ত্রণাধীন। এখানেও তাঁবু খাটিয়ে বসে রয়েছে চিনের বাহিনী। অন্যদিকে আকসাই চিনে তৈরি হচ্ছে সামরিক পরিকাঠামো।
গত ২০ জুলাইয়ের উপগ্রহচিত্রে দেখা গিয়েছে, তিব্বতের শিকুয়ানহিতে বিস্তীর্ণ এলাকা জুড়ে নির্মাণকার্য চালাচ্ছে চিনের পিপলস লিবারেশন আর্মি। জায়গায় জায়গায় তৈরি হয়েছে অস্থায়ী সেনা শিবির। অনুমান করা হচ্ছে, ট্যাঙ্ক, প্রচুর অস্ত্রশস্ত্র-সহ মোটর রাইফেল ডিভিশন মোতায়েন করার কাজ চলছে ওই এলাকাগুলিতে। এদিকে প্যাঙ্গং লেকের উত্তরে পাহাড়ি খাঁজ বা ফিঙ্গার এলাকাগুলি থেকে সেনা সরাতে সাফ মানা করে দিয়েছে চিন। শেষবার দুই দেশের সেনা কম্যান্ডার পর্যায়ের বৈঠকের পরেও এর সমাধানসূত্র মেলেনি। ফিঙ্গার পয়েন্ট ৪ থেকে ফিঙ্গার পয়েন্ট ৮ অবধি দখল করে রেখেছে চিনের বাহিনী। ফলে ওই এলাকায় টহল দিতে পারছে না ভারতীয় সেনা। এদিকে আকসাই চিনে পিপলস লিবারেশন আর্মির তৎপরতা বাড়ায় কারাকোরাম পাস দিয়েও চিনের সেনার ঢুকে আসার সম্ভাবনা রয়েছে।
বায়ুসেনা সূত্রে খবর, রাতের বেলা পাহাড়ি এলাকায় নজরদারি বিশেষ গুরুত্বপূর্ণ। সেই জন্য অ্যাপাচে ও চিনুক কপ্টারকে কাজে লাগানো হয়েছে। চুসুল এলাকায় নজরদারি চালাচ্ছে অ্যাপাচে, অন্যদিকে দৌলত বেগ ওল্ডিতে রাতের বেলা চক্কর কাটছে চিনুক। আমেরিকার তৈরি বোয়িং সিএইচ-৪৭ চিনুক কপ্টারকে একসময় আফগানিস্তানের পাহাড়ি এলাকায় মোতায়েন করেছিল মার্কিন বায়ুসেনা। ডবল ইঞ্জিনের এই অ্যাটাক কপ্টারের গতিবেগ ঘণ্টায় ৩১৫ কিলোমিটার। চিনুক কপ্টারের সিএইচ-৪৭এফ ভ্যারিয়ান্ট ভারতে পাঠিয়েছে আমেরিকা। এই ভ্যারিয়ান্টে রয়েছে মাল্টি-ফাংশন ডিসপ্লে, মুভিং ম্যাপ ডিসপ্লে, ডিজিটাল মোডেম, ডিজিটাল ফ্লাইট কন্ট্রোল সিস্টেম। দিনে ও রাতের যে কোনও সময় কাজ করতে পারে চিনুক। এর ককপিটে রয়েছে মাল্টি-ফাংশন লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, ইলেকট্রনিক ফ্লাইট ইনস্ট্রুমেন্ট ও ANVIS-7 নাইট-ভিশন ক্যাপাসিটি।
চিনুকের সঙ্গে চিনা সেনার গতিবিধির উপর নজর রাখছে অ্যাপাচে কপ্টার। এএইচ অ্যাপাচে-৬৪ কপ্টারকে বলা হয় বোয়িং অ্যাপাচে অ্যাটাক কপ্টার। যুদ্ধাস্ত্র বয়ে নিয়ে যেতে পারে আবার নিশানায় আঘাতও করতে পারে। এতে রয়েছে ৩০ মিলিমিটার এম২৩০ চেন গান যা মেন ল্যান্ডিং গিয়ারের মাঝে ফিট করা আছে। ১২৮টি টার্গেটকে লক্ষসীমায় আনতে পারে অ্যাপাচে। একসঙ্গে ৬৪টি নিশানায় আঘাত হানতে পারে।