
শেষ আপডেট: 28 January 2023 08:51
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে মহড়া চলাকালীন ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার দুটি ফাইটার জেট- একটি মিরাজ ২০০০ গোত্রের যুদ্ধ বিমান এবং অন্যটি সুখোই সু-৩০ (IAF fighter jet crash)। একটি বিমান ভেঙে পড়ে মধ্যপ্রদেশের মোরেনা জেলায়, অন্যটি রাজস্থানের ভরতপুরে ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে। মর্মান্তিক সেই দুর্ঘটনায় দুটি বিমানের ৩ জন পাইলটের মধ্যে মৃত্যু হল এক পাইলটের (one pilot dead)। বাকি দুজনও গুরুতর আহত বলে জানা যাচ্ছে।
প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, সুখোই ৩০ বিমানটিতে দুজন পাইলট ছিলেন। অন্যদিকে মিরাজ ২০০০ ফাইটার জেটে ছিলেন একজন পাইলট। সুখোই ৩০ বিমানের দুজন পাইলটই দুর্ঘটনার কবলে পড়ার পরেও ইজেক্ট করে বেরিয়ে আসতে সক্ষম হন। তাঁদের উদ্ধার করে একটি হেলিকপ্টার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু মিরাজের পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের গোয়ালিয়ার এয়ার বেস থেকে এই দুটি বিমান প্রশিক্ষণের জন্য উড়েছিল। তবে বিমান দুটি মুখোমুখি ধাক্কা মেরেছে, না পৃথক কোনও যান্ত্রিক গোলযোগে ভেঙে পড়েছে তা ভারতীয় বায়ুসেনা খতিয়ে দেখছে। এ ব্যাপারে ভারতীয় বায়ুসেনার তরফে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি।
গোয়ালিয়রে ভারতীয় বায়ুসেনার বড় ঘাঁটি রয়েছে। সেখান থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে। যা পাড়ি দিতে লড়াকু বিমানের মাত্র কয়েক সেকেন্ড লাগতে পারে।
গোয়ালিয়রে মূলত মিরাজ ২০০০ বিমানের স্কোয়াড্রন থাকে। তবে সুখোইয়ের একটি স্কোয়াড্রনও সেখানে রয়েছে। শনিবার সকালে সেখান থেকেই প্রশিক্ষণের জন্য উড়েছিল বিমানদুটি। মিরাজ ২০০০ এবং সুখোই ৩০ দুটিই খুবই পারদর্শী লড়াকু বিমান। ভারতীয় বায়ুসেনার রক্ষণে এই দুই গোত্রের বিমানই প্রথম সারির। শুধু তাই নয়, এই দুই বিমানই পাইলটদের জন্য নিরাপদ বলে মনে করা হয়। তারপরেও তারা কীভাবে দুর্ঘটনার কবলে পড়ল সেটাই এখন তদন্তের বিষয়।
ডগফাইট করতে গিয়েই মুখোমুখি সংঘর্ষ দুই যুদ্ধবিমানের! তদন্তে বায়ুসেনা