
শেষ আপডেট: 21 December 2023 20:05
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটে রাজ্যের চারটে আসনে বিজেপির জয় সুনিশ্চিত বলে জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার পুরুলিয়ার সভা থেকে শুভেন্দু বলেন, “আরামবাগ, ঘাটাল, তমলুক আর কাঁথি- লোকসভায় এই চারটে সিট নরেন্দ্র মোদীকে দেব। এই গ্যারান্টি আমি এখানে দিয়ে যাচ্ছি।”
এর মধ্যে তমলুক আর কাঁথি শুভেন্দুর নিজের জেলা পূর্ব মেদিনীপুরে অবস্থিত। তমলুক এবং কাঁথিতে এই মুহূর্তে অফিসিয়ালি তৃণমূলের সাংসদ যথাক্রমে শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী এবং কাঁথিতে তাঁর বাবা শিশির অধিকারী। একুশের ভোটের পর থেকেই তৃণমূলের সঙ্গে দূরত্ব রক্ষা করে চলেছেন দিব্যেন্দু এবং শিশির। বিজেপির টিকিটে সংশ্লিষ্ট দুটি কেন্দ্রে তাঁরাই প্রার্থী হবেন নাকি নতুন কোনও মুখ আনা হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে লোকসভা ভোটকে কেন্দ্র করে জেলায় জেলায় গেরুয়া শিবির যে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিরোধী দলনেতার এদিনের বক্তব্য থেকেই তা স্পষ্ট বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
পুরুলিয়ার সভা থেকে শুভেন্দু বলেন, “সবাই জানে দেশকে সুরক্ষিত রাখতে হলে মোদীকে রাখতে হবে। সে কারণেই ছত্তীশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে বিজেপির বিপুল জয়। লোকসভায় এবারেও ৪০০-র বেশি আসনে বিজেপি জিতবে। পশ্চিমবঙ্গ থেকেও গরিষ্ঠ আসনে জয় সুনিশ্চিত করতে হবে।” এরপরই রাজ্যের চারটি লোকসভা আসনে গেরুয়া জয় সুনিশ্চিত করার গ্যারান্টি দেন বিরোধী দলনেতা।
এদিনের সভা থেকে তৃণমূল এবং রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে শুভেন্দুর প্রশ্ন, “বাংলা ঋণে জর্জরিত। ৬ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা, ২ কোটি বেকার। কর্ম নিয়োগ কেন্দ্র বন্ধ করে দিয়েছে। বাংলার ছেলেমেয়েরা পড়াশোনা করবেন কেন?”
জবাবও দিয়েছেন নিজেই, “এবারে ৪ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড নিতে আসেননি। উচ্চ মাধ্যমিকে সংখ্যাটা প্রায় ২ লাখ ১৭ হাজার। কলেজে সিটগুলো খালি। কেউ পড়তে চাইছে না। বাবা, মা-রাও পড়াতে চাইছেন না। বলছেন, পড়িয়ে কী হবে? চাকরি তো হবে না!”
নাম না করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বিরোধী দলনেতার কটাক্ষ, “মেলা, খেলা, পুজো, ইমামভাতার সময় তো আপনার টাকার অভাব হয় না। অভাব হয় হাসপাতালের উন্নয়নে, সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দিতে।”