
শেষ আপডেট: 31 July 2023 15:16
দ্য ওয়াল ব্যুরো: ২০০১ সালে কলকাতায় এসেছিলেন মোহনবাগানের (Mohun Bagan) হয়ে খেলতে, সেইসময় সুনীল ছেত্রীর (Sunil Chhetri) বয়স মাত্র ১৭ বছর। সেবার সবুজ মেরুনের কোচ ছিলেন সুব্রত ভট্টাচার্য। যিনি বর্তমানে ভারত অধিনায়কের শ্বশুরমশাইও।
সুনীল সেইসময় এসেছিলেন দিল্লি থেকে। বাবা ভারতীয় সেনাবাহিনীর অফিসার ছিলেন। কোচ হিসেবে সুব্রতকে পেয়ে তিনি যে উপকৃত হয়েছিলেন, সেটি মোহনবাগান দিবসে সকলের সামনে স্বীকার করেছেন তিনি। এও বলেছেন, ‘বেঙ্গালুরু বনাম মোহনবাগানের খেলা থাকলে আমাকে ফোন করে বলে, তুই গোল করিস, কিন্তু মোহনবাগান যেন জেতে। এমনই ভালবাসা মোহনবাগান নিয়ে।’
তিনি বাংলা বলা প্রসঙ্গে জানিয়েছেন, ‘আগে আমার স্ত্রী সোনম (তখন অবশ্য প্রেমিকা ছিল) বাংলায় না কথা বলতে গালি দিত আমাকে। ওই আমাকে বাংলা শিখিয়েছে। সেইসময় ট্রেনিংয়ে ছিলাম, শিখেছিলাম। আবার ধীরে ধীরে চর্চার অভাবে ভুলে গিয়েছি। তবে এবার কলকাতায় আসার আগে আমাকে বলে দিয়েছিল যেন বাংলায় এসে কথা বলি, সেটা বলতে পেরে ভাল লাগছে।’
মোহনবাগানের অনুষ্ঠানে যোগ দিয়ে সুনীল বলেছিলেন, ‘আগে জানাই, নমস্কার, কেমন আছেন সবাই? দ্বিতীয়ত, ভাল করে বাংলা বলতে পারি না। কারণ বাংলা বলার ট্রেনিং শেষ হয়ে গিয়েছে। প্রচুরদিন গালি খাইনি বউয়ের। বাংলাও দুর্বল হয়ে গিয়েছে আমার।’
সুব্রত নিয়ে বলতে গিয়ে ভারতীয় ফুটবলের সেরা তারকা জানিয়েছেন, ‘আমাকে সবাই বলে, উনি দারুণ ফুটবলার ছিলেন। আমি তো সেইসময় জন্মাইনি, তাই আমি বলতে পারব না। তেমন ভিডিও নেই যে খেলা দেখব। তবে এটুকু বলতে পারি যিনি আমাকে ফুটবলকে ভালবাসতে শিখিয়েছেন, তিনি এই মানুষটাই। বারবার আমাকে বলে, মন ভাল থাকলে, আবার মন খারাপ থাকলেও ফুটবল খেলবি, সেটা নিয়ে ভাববি।’
সামাদের শেষ মুহূর্তের গোলে মহামেডানের জয়, আরও একটি অ্যাম্বুলেন্স পেল ময়দান