দ্য ওয়াল ব্যুরো : কর্ণাটকে গত কয়েকমাস ধরে সরকার চালাচ্ছে কংগ্রেস ও জনতা দল (সেকুলার)-এর জোট। এবার লোকসভা ভোটেও ঐক্যবদ্ধভাবে লড়ার জন্য আসন সমঝোতা করল দুই দল। বুধবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে বসেন সেকুলার জনতা দলের প্রধান এইচ ডি দেবগৌড়া। আলোচনার পরে দেবগৌড়া জানান, কর্ণাটকে তাঁর দল লড়াই করবে ১০ টি আসনে।
এদিন রাহুল গান্ধীর বাসভবনে আসন রফা নিয়ে আলোচনা হয়। পরে দেবগৌড়া বলেন, আপাতত ঠিক হয়েছে, আমরা ১০ টি আসনে লড়ব। তবে রাহুল গান্ধী বিষয়টি নিয়ে কে সি বেণুগোপাল ও দানিশ আলির সঙ্গে কথা বলবেন। তারপর এসম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ঠিক কোন লোকসভা কেন্দ্রগুলিতে সেকুলার জনতা দল লড়বে, তা দেবগৌড়া জানাননি।
গত সোমবার বেঙ্গালুরুতে কংগ্রেস ও জেডি এসের কো অর্ডিনেশন কমিটি বৈঠকে বসে। আসন সমঝোতা নিয়ে আলোচনা হয়। সভাপতিত্ব করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কিন্তু বৈঠকে কোনও সিদ্ধান্ত হয়নি।
কর্ণাটকের দক্ষিণে ওল্ড মহীশূর অঞ্চলে দুই দলের আসন সমঝোতা নিয়ে মতবিরোধ ছিল সবচেয়ে তীব্র। ২০১৮ সালের বিধানসভা ভোটে সেকুলার জনতা দল এখানে একটিও আসন পায়নি। কংগ্রেস ওল্ড মহীশূরে মান্ড্য ও হাসান আসন দু’টি তাদের দিতে চেয়েছিল।