দ্য ওয়াল ব্যুরো : পেট্রল, ডিজেলের দাম যখন প্রতিদিনই বাড়ছে, তখন যোগগুরু বাবা রামদেব দাবি করলেন, এই সমস্যার সমাধান আছে তাঁর হাতে। সরকার যদি অনুমতি দেয়, তিনি ৩৫-৪০ টাকা লিটার দরে তেল বেচতে পারেন। তাঁর দাবি, পেট্রল, ডিজেলের ওপরে সবচেয়ে কম হারে জিএসটি নিতে হবে। এখন যেভাবে ২৮ শতাংশ হারে কর নেওয়া হয়, তাতে মানুষের পকেট খালি হয়ে যাচ্ছে।
তেলের মূল্যবৃদ্ধি সত্ত্বেও সরকার যেভাবে শুল্ক কমাতে অস্বীকার করেছে, তাও মেনে নিতে পারেননি রামদেব। তাঁর কথায়, সরকারের যদি রাজস্ব কিছু কমে যায়, তাতে ক্ষতি নেই। প্রয়োজনে ধনীদের ওপরে বেশি কর বসিয়ে সেই ঘাটতি পূরণ করা যেতে পারে।
মোদী সরকার এখন পেট্রলের ওপরে লিটার পিছু ১৯ টাকা ৪৮ পয়সা ও ডিজেলের লিটার পিছু ১৫ টাকা ৩৩ পয়সা করে শুল্ক নেয়। ভ্যাট নেওয়া হয় বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম।
পেট্রল ও ডিজেলের ওপরে শুল্ক যদি এক টাকা করে কমানো হয়, তাহলে রাজস্ব ক্ষতি হবে ১৪ হাজার কোটি টাকা। সরকার চায় চলতি আর্থিক বছরে রাজস্ব ঘাটতি মোট জাতীয় উৎপাদনের ৩.৩ শতাংশে বেঁধে রাখতে। তেলের ওপরে শুল্ক কমালে তা সম্ভব হবে না।
রামদেব ২০১৪-র লোকসভা ভোটে বিজেপির হয়ে প্রচার করেছিলেন। পরেও মোদীর অনেক পদক্ষেপই সমর্থন করেছেন। কিন্তু তেলের মূল্যবৃদ্ধি নিয়ে দূরত্ব বাড়াচ্ছেন সরকারের সঙ্গে। ২০১৯ সালের ভোটে মোদির হয়ে প্রচার করবেন না বলেও জানিয়ে দিয়েছেন।