
শেষ আপডেট: 20 February 2024 13:53
দ্য ওয়াল ব্যুরো: আর ক’টা দিন বাকি ছিল বিয়ের। জীবনের নতুন অধ্যায় শুরু করার আগে নিজের হাসিটা খানিকটা সুন্দর করতে চেয়েছিলেন। কিন্তু তার জেরে যে চরম বিপদ ডেকে আনবেন তা ভাবতেও পারেননি যুবক। মুখের অপারেশন করতে গিয়ে মাত্র ২৮ বছর বয়সে প্রাণ খোয়ালেন যুবক। হায়দরাবাদে যুবকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত যুবকের নাম লক্ষ্মী নারায়ণ ভিনজাম। হায়দরাবাদের বাসিন্দা নারায়ণের সামনেই ছিল বিয়ে। এক সপ্তাহ আগে তিনি অপারেশন করে তাঁর হাসিটিকে সুন্দর করতে যান। আর সেই ‘স্মাইল এনহ্যান্সমেন্ট’ সার্জারি চলাকালীনই মৃত্যু হয়েছে তাঁর।
নারায়ণের বাবা রামুলু ভিনজাম জানিয়েছেন, পরের সপ্তাহেই ছেলের বিয়ে ঠিক করা ছিল। কিন্তু বিয়ের আগে ছেলে যে স্মাইল অপারেশন করাচ্ছেন, সেই নিয়ে কিছুই জানতেন না তাঁরা। পরিবারের কাউকে না বলেই স্মাইল অপারেশন করাতে গিয়েছিলেন নারায়ণ। আর সেখানেই ঘটে মর্মান্তিক পরিণতি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ ফেব্রুয়ারি হা হায়দরাবাদের জুবিলি হিলসের একটি ডেন্টাল ক্লিনিকে স্মাইল ডিজাইনিং অপারেশন করাতে গিয়েছিলেন নারায়ণ। সেখানেই অপারেশন চলাকালীন অজ্ঞান হয়ে পড়েন। রামুলু জানিয়েছেন, ছেলে অজ্ঞান হতেই ডেন্টাল ক্লিনিকের কর্মীরা তাঁকে খবর দেন। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছন তিনি। সেখান থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় নারায়ণকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা নারায়ণকে মৃত বলে ঘোষণা করেন। আচমকা ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার।
ইতিমধ্যেই ওই ডেন্টাল ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। যুবকের মৃত্যুর তদন্তও শুরু করেছে পুলিশ। ক্লিনিকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই ক্লিনিকে এর আগে কোনও অপারেশন চলাকালীন এমন কোনও ঘটনা ঘটেছিল কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।