দ্য ওয়াল ব্যুরো: অ্যান্টি-ভাইরাল ওষুধ রেমডেসিভিরের দুই জেনেরিক ভার্সন সিপ্রেমি ও কোভিফোরের দাম নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। সিপলা ফার্মাসিউটিক্যালস ঘোষণা করেছে তাদের তৈরি সিপ্রেমি ওষুধের প্রতি ১০০ মিলিগ্রামের দাম হবে ৫০০০ টাকা। হেটোরো ল্যাব প্রথমে জানিয়েছিল তাদের তৈরি কোভিফোর ওষুধের দাম হতে পারে পাঁচ থেকে ছ’হাজার টাকার মধ্যে। এবার তারাও ঘোষণা করে দিল কোভিফোরের প্রতি ভায়ালের (১০০ মিলিগ্রাম)দাম হবে ৫৪০০ টাকা।
করোনার সলিডারিটি ট্রায়ালে শুরু থেকেই সুফল দেখা গেছে রেমডেসিভিরের। এই ওষুধ তৈরি করেছে মার্কিন সংস্থা গিলিয়েড সায়েন্সেস। তাদের রিকভারি ট্রায়ালের রিপোর্টের ভিত্তিতেই ভারতে এই ওষুধের পরীক্ষামূলক প্রয়োগে অনুমতি দেয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গিলিয়েড জানিয়েছিল, ভারতের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে চুক্তির ভিত্তিতে এই ওষুধ তৈরির লাইসেন্স দিতে তারা তৈরি। সিপলা, হেটেরো ল্যাব ও জুবিল্যান্ট লাইফসায়েন্সের সঙ্গে চুক্তি হয়েছিল গিলিয়েডের। সিপলা এই রেমডেসিভিরেরই জেনেরিক ভার্সন সিপ্রেমি (Cipremi) তৈরি করেছে আর হেটেরো ল্যাব বানিয়েছে কোভিফোর (Covifor)। এই দুই ওষুধ রেমডেসিভিরেরই ব্র্যান্ড, কাজ হবে সেই মতোই।
হেটেরো গ্রুপের চেয়ারম্যান ডক্টর পার্থ সারথি রেড্ডি জানিয়েছেন, ড্রাগ কন্ট্রোলের অনুমোদনের পরে এই ওষুধের সেফটি ট্রায়াল করা হয়েছে। ল্যাবরেটরি টেস্টের পরেই করোনা রোগীদের উপর কম ডোজে প্রয়োগ করে দেখা হয়েছে। ড্রাগ কন্ট্রোলের নির্দেশিকায় বলা হয়েছে, করোনা পরীক্ষায় টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে এমন রোগী, হাসপাতালে ভর্তি সঙ্কটাপন্ন রোগীর চিকিৎসায় জরুরি ভিত্তিতে এই ওষুধের প্রয়োগ করা যাবে। তবে রোগীর শারীরিক অবস্থা ও আনুসঙ্গিক অন্যান্য বিষয় খতিয়ে দেখে তারপরেই। হেটেরো গ্রুপ জানিয়েছে, অন্তত ২০ হাজার ভায়াল তৈরি হচ্ছে কোভিফোরের। প্রতি ১০০ মিলিগ্রাম ভায়ালের দাম পড়বে ৫৪০০ টাকা।
সিপ্রেমি ও কোভিফোর দুই ওষুধের ডোজই হবে কম করে পাঁচদিনের। হেটেরো ল্যাব জানিয়েছে, কোভিফোর শরীরে ইনজেক্ট করা হবে। প্রথম দিনে ২০০ মিলিগ্রামের ডোজ দেওয়া হবে, এর পরে টানা পাঁচদিন ধরে প্রতিদিন ১০০ মিলিগ্রাম করে ওষুধ দেওয়া হবে।
এরপরেই প্রশ্ন উঠেছে, প্রতি ভায়াল সিপ্রেমির দাম যদি হয় ৫০০০ টাকা এবং কোভিফোরের ৫৪০০ টাকা, তাহলে পাঁচদিনের কোর্সে ট্রিটমেন্টের খরচ হবে আকাশছোঁয়া। দুই ওষুধের দামই সাধ্যবিত্তের বাইরে। সিপলা যদিও জানিয়েছে, জনসাধারণের কথা মাথায় রেখে ওষুধের দামের ব্যাপারে ভাবনা চিন্তা করা হতে পারে। হেটেরো ল্যাব এখনও এই বিষয়ে কিছু জানায়নি।