দ্য ওয়াল ব্যুরো: ইচ্ছের বিরুদ্ধে জোর করে যৌন আচরণ করিয়ে ভিডিও তৈরি করার অভিযোগে ৩৭৫ ও ৩৭৭ ধারায় মামলা দায়ের হল স্বামীর বিরুদ্ধে। এত দিন ধরে এই দেশে বৈবাহিক ধর্ষণ নিয়ে আইনের হেলদোল না থাকার অভিযোগ উঠেছে নানা মহলে। এই বার গুজরাটের সবরকণ্ঠের এই ঘটনায় মামলা উঠল সুপ্রিম কোর্টে।
পুলিশ জানিয়েছে, এক তরুণীর অভিযোগ, বিয়ের পর থেকেই চার বছর ধরে তাঁকে দিয়ে জোর করে ‘অস্বাভাবিক’ যৌনতায় লিপ্ত করে তাঁর স্বামী। অনিচ্ছা প্রকাশ করলে চলে হুমকি, মারধর। শুধু তাই নয়, এর পরে জোর করে ওই যৌনতার ভিডিও রেকর্ডিংও করা হয় বলে অভিযোগ তরুণীর। আদালতের তরফে নোটিস পাঠানো হয়েছে অভিযুক্ত স্বামীকে।
বিয়ের আগে চার বছরের মেলামেশা ছিল তাঁদের। ২০১৪ সালে বিয়ের পর থেকেই শুরু হয় যৌন-অত্যাচার। মারধরও চলত নিয়মিত। এর আগেও এক বার স্থানীয় থানায় স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তরুণী। কোনও কাজ না হওয়ায় এবার আদালতের দ্বারস্থ তিনি।