
শেষ আপডেট: 8 April 2024 11:04
দ্য ওয়াল ব্যুরো: খড়গপুরে আক্রান্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী। লাঠি, রড দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মাথায় বন্দুক রেখে দুষ্কৃতীরা মারধর করে এবং শূন্যে গুলিও চালায় বলেও জানিয়েছেন প্রাক্তন কাউন্সিলর অঞ্জনা সাকরে এবং তাঁর আহত স্বামী রঞ্জিত সাকরে। কে বা কারা গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
খড়গপুর রেলওয়ে ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের স্বামী রঞ্জিত সরকার। জানা গেছে, সোমবার সকালে মেয়েকে স্কুলে ছেড়ে বাড়ি ফিরছিলেন রঞ্জিতবাবু। তখনই খড়্গপুরে জগন্নাথ মন্দিরের ঠিক সামনে তাঁর উপর পাঁচজন দুষ্কৃতী চড়াও হন। তাঁকে বাইক থেকে নামিয়ে রড ও হকিস্টিক দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। এরপর শূন্যে গুলি চালায় দুষ্কৃতীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর টাউন থানার পুলিশ। আহত তৃণমূল নেতাকে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। প্রাক্তন কাউন্সিলরের স্বামীর দাবি, তাঁর বাঁ পা লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনও ক্রমে রক্ষা পান তিনি।
ব্যবসায়িক বিবাদ নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ । এদিকে নির্বাচনের মুখে এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।