দ্য ওয়াল ব্যুরো : কলেজ চত্বরে মুসলিম (Muslim) মেয়েরা হিজাব (Hijab) পরে ঢুকতে পারবেন কি? এই বিতর্কে মঙ্গলবার শুনানি হবে কর্নাটক (Karnataka) হাইকোর্টে। তার আগে এদিন সকালে উদিপী জেলার মহাত্মা গান্ধী মেমোরিয়াল কলেজের সামনে দু'দল বিক্ষোভ দেখায়। গেরুয়া শাল গায়ে দেওয়া একদল ছাত্রছাত্রী আগেই কলেজের ভেতরে ঢুকে পড়েছিল। অভিযোগ, হিজাব পরা ছাত্রীরা কলেজে ঢুকতে গেলে তারা বাধা দেয়। গেরুয়া শাল গায়ে দেওয়া বিক্ষোভকারীরা স্লোগান দেয়, 'জয় শ্রীরাম'। পরিস্থিতির মোকাবিলায় কলেজ চত্বরে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
হিজাব পরা এক ছাত্রী বলেন, "আমরা ছোটবেলা থেকে হিজাব পরে আসছি। আমাদের বিরোধীরা কিছুদিন আগে থেকে গেরুয়া শাল গায়ে দিচ্ছে। তারা আমাদের ধাক্কা দিয়ে কলেজ থেকে বার করে দিয়েছে।"
কর্নাটকের বহু কলেজেই এখন শুরু হয়েছে হিজাব বিতর্ক। সাম্প্রদায়িক অশান্তি শুরু হওয়ার আশঙ্কায় কয়েকটি কলেজে সোমবার ছুটি দেওয়া হয়েছিল। একটি কলেজ হিজাব পরা ছাত্রীদের আলাদা ঘরে বসার ব্যবস্থা করেছে। হিজাব পরায় বিধিনিষেধের বিরুদ্ধে কর্নাটক হাইকোর্টে আবেদন করেছিলেন পাঁচ মহিলা। সেই আবেদনের ওপরে এদিন শুনানি হবে।
গত মাসে উদিপীর গভর্নমেন্ট গার্লস পি ইউ কলেজ থেকে শুরু হয় হিজাব বিতর্ক। হিজাব পরিহিত ছয় ছাত্রীকে ওই কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। উদিপী ও চিকমাগালুরের দক্ষিণপন্থী গোষ্ঠীগুলি কলেজে ছাত্রীদের হিজাব পরে আসার বিরোধিতা করে। গত শনিবার কর্নাটকের বিজেপি সরকার নির্দেশ দেয়, এমন কোনও পোশাক পরা চলবে না যা সমতা ও নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী।