
শেষ আপডেট: 26 August 2023 18:55
দ্য ওয়াল ব্যুরো: রমেশবাবু প্রজ্ঞানন্দ পারেননি বিশ্বকাপ দাবায় চ্যাম্পিয়ন হতে। নরওয়ের ম্যাগনাস কার্লসেনের কাছে হার মেনেছেন শেষ ল্যাপে। এবার ডেনমার্কে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও (World Championship semi finals) ভারতের এইচএস প্রণয় (HS Prannoy) হার মানলেন সেমিফাইনালেই। তাঁরও সোনা অধরা থাকল। দেশে ফিরবেন ব্রোঞ্জ জিতে।
বিশ্বের তিন নম্বর থাইল্যান্ডের কুনলাভুট ভিদিথসার্নের কাছে তিন সেটের লড়াইয়ে হারলেন ২১-১৮, ১৩-২১, ১৪-২১ ব্যবধানে। ম্যাচ গড়াতেই চাপ নিতে পারেননি হায়দরাবাদী তারকা।
প্রথম সেটেও ভাল খেলছিলেন প্রণয়। ২১-১৮ ব্যবধানে জিতেও গিয়েছেন। কিন্তু পরের দুই সেটে আর চাপ ধরে রাখতে পারেননি। ফলে ম্যাচ হাতের বাইরে চলে গিয়েছে।
আরও পড়ুন: মোহনবাগানের সামনে রবিবার ডুরান্ডে কঠিন চ্যালেঞ্জ, ‘মুম্বই হার্ডলস’ পেরলেই শেষ চারে
প্রথম সেটে ২-৪ পয়েন্টে পিছিয়ে থাকা অবস্থায় টানা তিনটি পয়েন্ট জিতে ৫-৪ এগিয়ে যান ভারতীয় তারকা। প্রণয়ের গতির কাছে বিপক্ষ ধরশায়ী হয়ে গিয়েছিল। সবাই যখন ধরে নিয়েছেন বাকি দুই সেটেও রাজ করবেন তিনি, আর পারেননি।
দ্বিতীয় গেমের শুরুতে জিতে শুরু করেছিলেন ভারতীয় তারকা। তারপর আনফোর্সড এরর শুরু করতেই থাইল্যান্ডের তারকা খেলা ধরে নেন। প্রণয়ের ব্যাকহ্যান্ডগুলিও কাজে আসেনি সেইসময়। তৃতীয় সেটেও সুবিধে করতে পারেননি প্রণয়। তাঁকে নিয়ে আশা থাকলেও তিনি ব্রোঞ্জ জিতে সন্তুষ্ট থাকলেন।