
প্রতীকী ছবি
শেষ আপডেট: 18 October 2024 12:35
দ্য ওয়াল ব্যুরো: ফের বেপরোয়া গতির বলি কর্তব্যরত এক ট্র্যাফিক পুলিশ। হাওড়ার উলুবেড়িয়ার ৬ নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর মৃত ট্র্যাফিক হোমগার্ডের নাম সোমনাথ রায় (৪০)। তিনি হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা।
আর পাঁচটা দিনের মতো শুক্রবার সকালে ৬ নম্বর জাতীয় সড়কে ডিউটি করছিলেন তিনি। আচমকা একটি বেপরোয়া গতির লরি ধাক্কা মারে।
গুরুতর আহত অবস্থায় ট্র্যাফিক হোমগার্ডকে উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলেও লাভের লাভ কিছুই হয়নি। হাসপাতালের চিকিৎসকরা সোমনাথকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল পৌনে ৬টা নাগাদ সোমনাথ ডিউটিতে যোগ দেন। ডিউটিতে যোগ দেওয়ার ছবিও নিয়ম অনুযায়ী তিনি পাঠান উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। এরপর আচমকাই একটি বেপরোয়া গাড়ি তাঁকে ধাক্কা দেয় এবং তিনি রাস্তার ধারে ছিটকে পড়েন।
ঘাতক লরি ও চালককে এখনও গ্রেফতার করা যায়নি। পুলিশ সূত্রে খবর, ধাক্কা মারার পরই লরিটি কোলাঘাটের দিকে চলে যায়। গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।