
শেষ আপডেট: 28 October 2023 16:00
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ঘটনার ১২ দিন পর বালির ধর্মতলা রোডে বধূ খুনে মূল অভিযুক্তকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ। ধৃতের নাম মনোতোষ মণ্ডল।
১৬ ই অক্টোবর রাতে নৃশংসভাবে খুন করা হয়েছিল বালির ওই বধূকে। রাত ১২ টা নাগাদ বাড়ি বাড়ি ফিরে স্ত্রী দীপা দাসকে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন স্বামী অক্ষয় পাল। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন তিনি। বালি থানার পুলিশ দেহ উদ্ধার করে। অক্ষয় পালের অভিযোগের ভিত্তিতেই পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে লাগাতার তল্লাশি চালিয়ে শুক্রবার রাতে সুন্দরবনের তিলজালি এলাকা থেকে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। হাওড়া সিটি পুলিশের ডিসিপি (নর্থ) অনুপম সিংহ জানিয়েছেন, নিহত দীপা ছিলেন অক্ষয় পালের দ্বিতীয় পক্ষের স্ত্রী। তাঁর প্রথম পক্ষের তিনটি মেয়ে রয়েছে। বড় মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল বছর ২৩ এর মনোতোষের। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। এরজন্য দীপাই দায়ী বলে মনে করেছিলেন মনোতোষ। সে কারণে দীপা দাসকে খুন করে সে।
ওই পুলিশকর্তা বলেন, “খুনের পর বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল ধৃত মনোতোষ। কিন্ত পুলিশ তৎপর হওয়ায় সেই ছক ভেস্তে যায়। সুন্দরবনের তিনজালি এলাকায় এই ক’দিন গা ঢাকা দিয়েছিল সে। সেখান থেকেই শুক্রবার রাতে গ্রেফতার করা হয় তাকে।” ধৃতকে শনিবার হাওড়া আদালতে পেশ করা হয়।