
অস্বাভাবিক মৃত্যু
শেষ আপডেট: 14 June 2024 20:42
দ্য ওয়াল ব্য়ুরো, হাওড়া: একটি সরকরি আবাসনে বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এ জে সি বোস বি গার্ডেন থানা এলাকায়। দানেশ শেখ লেন বনান্তর সরকারি আবাসনের বাসিন্দা ছিলেন ওই বৃদ্ধা। তাঁকে রক্তাক্ত অবস্থায় নীচে পড়ে থাকতে দেখেন বাসিন্দারা।
পুলিশের অনুমান আবাসনের ওপর থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু কীভাবে তিনি পড়ে গেলেন তানিয়ে রহস্য ঘনিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আবাসনের বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার ৬৭ বছরের অশ্রুকণা মোদককে রক্তাক্ত অবস্থায় আবাসনের নীচে পড়ে থাকতে দেখেন তাঁরা। তাঁদের দাবি, ওই বৃদ্ধা আর্থরাইটিসের রুগী। ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। স্বামী, ছেলে-বৌমা, নাতির সঙ্গে থাকতেন। ওই বৃদ্ধা কীভাবে ফ্ল্যাট থেকে পড়ে গেলেন সেই কথা ভাবাচ্ছে প্রতিবেশীদের।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টে আসার পরে মৃত্যুর সঠিক কারণ জানতে পারা যাবে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে। এই ঘটনার পরেই মৃতের ওই পরিবারের এক সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অশ্রুকণা দেবীর ছেলে সুব্রত মোদক জানান, কীভাবে এই ঘটনা ঘটল তাঁরাও বুঝতে পারছেন না।