
গঙ্গা পাড়ে উদ্বেগ
শেষ আপডেট: 28 June 2024 11:38
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রাতে বিশ্বকাপ ক্রিকেটে ভারত-ইংল্যান্ডের খেলা দেখেছেন। তারপরেই ভোরবেলা বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়েছিলেন গঙ্গায়। জোয়ারের জলে তলিয়ে গেলেন উত্তরপাড়ার যুবক সৌরভ চট্টোপাধ্যায়। বেলা বাড়ার পর গঙ্গা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। আকস্মিক এই ঘটনায় বিপর্যস্ত পরিবার। এলাকাতেও শোকের ছায়া নেমেছে।
৭/১ আর কে স্ট্রীটের বাসিন্দা ছিলেন বছর ৪০ এর সৌরভ চট্টোপাধ্যায়। রেলের কর্মী ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে ভারত-ইংল্যান্ড বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ দেখেন গভীর রাত পর্যন্ত। ভোরে বন্ধুর সঙ্গে রামঘাটে গঙ্গায় স্নান করতে যান।তখন জোয়ার চলছিল। ভরা গঙ্গায় তলিয়ে যান তিনি। ঘাটে উপস্থিত বন্ধুরা সঙ্গে সঙ্গে উত্তরপাড়া থানায় খবর দেয়। আসে উদ্ধারকারী দল। শুরু হয় গঙ্গায় তল্লাশি। বেলার দিকে গঙ্গা থেকে তাঁর দেহ মেলে।
জানা গেছে, সাঁতার জানতেন না সৌরভ। তা সত্ত্বেও ভরা গঙ্গায় স্নান করতে নেমেছিলেন। বৃষ্টি হওয়ায় ঘাটও যথেষ্ট পিচ্ছিল। নদীতে পড়ে যাওয়ার পর আর তোলা যায়নি তাঁকে। যুবকের প্রতিবেশী আশিস ঘোষাল বলেন, "সাঁতার না জেনে গঙ্গায় স্নান করতে নামা যে উচিত নয়, সেই সচেতনতাই নেই। তাই বারবার এই ঘটনা ঘটছে।"
গত কয়েক মাসে উত্তরপাড়া গঙ্গার ঘাটগুলোতে পরপর ডুবে মৃত্যুর ঘটনা ঘটে। আজও একই ঘটনার পুনরাবৃত্তি। এরজন্য মানুষের সচেতনতার অভাবকেই দুষছেন গঙ্গাপাড়ের মানুষজন।