
শেষ আপডেট: 20 August 2024 13:08
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ভদ্রেশ্বরের খুঁরিগাছি এলাকায় ঘুমন্ত অবস্থায় ছুরি মেরে খুন করা হল এক যুবককে। মৃতের নাম গুড্ডু যাদব (২৫) বছর। তদন্ত শুরু করল চন্দননগর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভদ্রেশ্বর পুরসভার ২১ নম্বর ওয়ার্ড খুঁরিগাছি এলাকায় খাটাল রয়েছে যাদবদের। সোমবার রাতে গুড্ডু তাদের খাটালের ভিতর চৌকিতে ঘুমিয়ে ছিলেন প্রতিদিনের মতো। সঙ্গে ছিলেন তাঁর ভাই, এক জামাইবাবু ও এক দাদু। ভোর তিনটে নাগাদ গুড্ডুর পেটে ছুরি মারে এক দুষ্কৃতী। গুড্ডুর ভাই ছোট্টু দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। জেগে যান অন্যরা। তখনই পালিয়ে যায় আততায়ী।
পরিবারের লোকজন টোটো করে চন্দননগর হাসপাতালে নিয়ে যান রক্তাক্ত ওই যুবককে। হাসপাতালের ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ভদ্রেশ্বর থানার পুলিশ ও চন্দননগর পুলিশের গোয়েন্দারা ঘটনাস্থলে যান। তদন্ত শুরু হয়। পুলিশের প্রাথমিক অনুমান ব্যক্তিগত শত্রুতার জেরেই খুন করা হয়েছে গুড্ডু যাদবকে।
স্থানীয়রা জানিয়েছেন, খাটালে বহিরাগতদের আনাগোনা ছিল। ব্যক্তিগত কোনও আক্রোশে তাদের কেউ হয়তো খুন করেছে ওই যুবককে। চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, পরিবার ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে কিছু সূত্র পাওয়া গেছে। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।