.jpeg)
যুবকের বাড়ির সামনে পড়শিদের ভিড়
শেষ আপডেট: 20 December 2024 11:25
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল দেবানন্দপুরের দক্ষিণ নলডাঙার একটি মাঠ থেকে। শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এক মহিলা ফাঁকা জায়গায় রক্তাক্ত মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। পরে জানা যায় মৃতের নাম রমেশ মুদালিয়া(৩৮)।
ওই যুবকের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। তার জেরেই এই খুন বলে যুবকের পরিবারের অভিযোগ। উত্তেজিত জনতা ওই যুবকের বাড়িতে ভাঙচুর চালায়। পুলিশ ওই যুবকের স্ত্রীকে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য।
জানা গেছে মাদক মামলায় জেল বন্দি ছিল রমেশ। মাস দেড়েক আগে ছাড়া পায়। স্ত্রীর অন্য যুবকের সঙ্গে সম্পর্ক নিয়ে অশান্তি হত। গতকালও অশান্তি হয়। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটা ফাঁকা জমি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।
মৃতের ভাই উমেশ মুদালিয়া জানান, তাঁর দাদার দশ বছর আগে বিয়ে হয়েছিল। বৌদির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। যা নিয়ে অশান্তি হত। তিনি বলেন, "লোক দিয়ে দাদাকে খুন করিয়েছে বৌদি।" মৃতের সৎমা নাগরানি মুদালিয়া বলেন, "বৌমার অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল। ওই রমেশকে খুন করিয়েছে।"
পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।