
অভিযুক্ত সরকারি কর্মী
শেষ আপডেট: 30 August 2024 13:16
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আরজি কর কাণ্ডের জেরে এখনও উত্তাল রাজ্য। তারই মধ্যে এবার সরকারি অফিসের ভেতর এক মহিলা আইনজীবীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। আরামবাগ থানায় অভিযোগ দায়েরের পরেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সরকারি কর্মীকে।
অভিযুক্ত ব্যক্তি আরামবাগ ভূমি ও ভূমি সংস্কার দফতরের কর্মী। ওই মহিলা আইনজীবীর অভিযোগ, তিনি বিএলএলআরও অফিসে কাজের জন্য গিয়েছিলেন। সিঁড়ি দিয়ে অফিসের দোতলায় উঠছিলেন। সেই সময় অফিসের এক কর্মীও সিঁড়ি দিয়ে উঠছিলেন। তখনই মহিলা আইনজীবীর পিছনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হাত দেন ওই কর্মী। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন মহিলা আইনজীবী। তাঁর কথায়, "আমি চিৎকার করে উঠতেই লোকটি আমার দিকে তাকিয়ে অশালীন ইঙ্গিত করেন। বিএলআরও অফিসে এক মহিলা আইনজীবীর সঙ্গে যদি এমন ঘটনা ঘটে, তাহলে সাধারণ মেয়েদের নিরাপত্তা কোথায়।"
এখানেই শেষ নয়, ওই মহিলা আইনজীবীর উপর চাপ আসতে থাকে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য। তা না হলে তাঁকে ওই অফিসে আর ঢুকতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি। তাতে দমে না গিয়ে অবশ্য আরামবাগ থানায় লিখিত অভিযোগ করেন ওই মহিলা। এই অভিযোগের ভিত্তিতে আরামবাগ থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতকে আরামবাগ আদালতে পেশ করা হয়।