ফাইল ছবি
শেষ আপডেট: 16 January 2025 15:34
দ্য ওয়াল ব্যুরো: প্রায় এক বছরের কাছাকাছি হতে চললেও বন্ধ হয়ে পড়ে রয়েছে শিবপুর চাঁদপাল ফেরি সার্ভিস। কারণ জানতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।
বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী ৩০ জানুয়ারির মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দিতে হবে। এছাড়া কীভাবে দ্রুত ফেরি সার্ভিস চালু করা যায় সে বিষয়েও রাজ্যকে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
জানা গেছে, গত বছরের ৩০ শে মার্চ বানের কারণে শিবপুর নাজিরগঞ্জ ফেরি সার্ভিস বন্ধ করা হয়। পরবর্তীকালে নাজিরগঞ্জের ফেরি সার্ভিস চালু হলেও শিবপুর চাঁদপাল ফেরি সার্ভিস এখনও বন্ধ হয়েই পড়ে রয়েছে। অভিযোগ বিষয়টি বারবার রাজ্যকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। এরপরই কলকাতা হাইকোর্টে আবেদন জানান মামলাকারী।
মূলত হাওড়া থেকে ধর্মতলা মেট্রো চালুর ফলে হাওড়া-চাঁদপাল ঘাট, হাওড়া-মিলেনিয়াম পার্ক রুটে যাত্রীর সংখ্যা ৭ শতাংশ কমেছে। এর তুলনায় অনেক বেশি যাত্রী কমার আশঙ্কা করেছিলেন পরিবহণ দফতরের কর্তারা।
তবে হাওড়া থেকে শিয়ালদহ এবং সল্টলেক পর্যন্ত মেট্রো চালু হয়ে গেলে যাত্রিসংখ্যা আরও কমবে বলে এখনও আশঙ্কা করছেন হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির কর্তারা। সে কারণেই নতুন এবং বন্ধ পড়ে থাকা রুটে ফেরি চালু করে আয় বাড়াতে চাইছে সমিতি।