
শেষ আপডেট: 21 March 2025 15:39
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: পুরনো ক্ষত মেরামত করতে গিয়ে ফের ঘটল বড়সড় দুর্ঘটনা। শুক্রবার সকালে ভাগাড় অঞ্চলে মেরামতির কাজ চলাকালীন হঠাৎই নতুন করে ধস নামে। ধসের চাপে ফেটে যায় পানীয় জলের মূল পাইপলাইন। ফলে হাওড়ার লিলুয়া, বেলগাছিয়া, সি রোড, বি রোড-সহ বিস্তীর্ণ এলাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে জল সরবরাহ। প্রভাব পড়েছে শিবপুর বিধানসভার বেশ কয়েকটি এলাকাতেও। সব মিলিয়ে উত্তর হাওড়া কার্যত জলহীন। গরমের শুরুতেই দারুন দুর্ভোগে বাসিন্দারা।
হাওড়া পুরসভা সূত্রে খবর, ভাগাড়ের ভিতর জমা ময়লা-আবর্জনার চাপেই পাইপলাইনে ফাটল ধরেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাগাড়ের অব্যবস্থাপনা ও নজরদারির অভাবেই একের পর এক এই বিপর্যয়। বৃহস্পতিবারেও একই ধরনের দুর্ঘটনা ঘটে। তার রেশ কাটতে না কাটতেই শুক্রবারে ফের ধস ও পাইপ ফাটায় সাধারণ মানুষের ক্ষোভ তুঙ্গে উঠেছে। ইতিমধ্যেই হাওড়া পুরসভায় ডাকা হয়েছে জরুরি বৈঠক। পুরসভার শীর্ষ আধিকারিকরা সেখানে উপস্থিত রয়েছেন। সিদ্ধান্ত হয়েছে, জল সংকট সামাল দিতে অতিরিক্ত জলের ট্যাঙ্কার পাঠানো হবে।
জল সঙ্কট সামাল দিতে পাশের জেলা হুগলির উত্তরপাড়া পুরসভার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। সেখান থেকেও অতিরিক্ত জলের গাড়ি আনার পরিকল্পনা রয়েছে। পুরসভার এক আধিকারিক জানান, "মানুষ যাতে সমস্যায় না পড়েন, তাই অতিরিক্ত জল সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। দ্রুত পাইপ মেরামত করে জল সরবরাহ স্বাভাবিক করা হবে।"
ধসের কারণে বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। প্রশাসনের তরফ থেকে তাদের নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে। অনেকেই প্রশাসনের নির্দেশে তাদের জিনিসপত্র নিয়ে সরে যাচ্ছেন। বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটির মাটি আলগা হয়ে যাওয়ার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। সেগুলি আবার বসানোরও কাজ চলছে।
হাওড়া পুরসভার দাবি, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ধাপে যাতে এই ধরনের সমস্যা না হয়, সে ব্যবস্থা নেওয়া হবে। আপাতত অতিরিক্ত জলের গাড়ি পাঠিয়েই মানুষের অসুবিধা মেটানোর চেষ্টা চলছে।