
শেষ আপডেট: 20 August 2024 15:42
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বায়োলজি পড়ানোর সময়ে মেয়ের গায়ে হাত দিয়েছেন স্যার! জানতে পেরে শিক্ষককে নিজের হাতে শাস্তি দিলেন মা। কান ধরে উঠবস করালেন। এই ভিডিও ভাইরাল হতেই পদক্ষেপ নিল পুলিশ। গ্রেফতার করল অভিযুক্ত শিক্ষককে।
পুলিশ সূত্রে জানাগিয়েছে, ঘটনাটি উত্তরপাড়া থানার হিন্দমোটর বিবি স্ট্রিটের ঘটেছে। ওই এলাকায় থাকেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তিনি বাড়িতে বায়োলজি পড়ান। এলাকার বহু পড়ুয়া তার বাড়িতে পড়তে আসে। অভিযোগকারিণী ওই পড়ুয়াও দেবাশিসের কাছেই পড়ত।
শনিবার বিকেলে বালির নিশ্চিন্দার ওই ছাত্রীকে দেবাশিসের কাছে পড়াতে নিয়ে গিয়েছিলেন তার বাবা। সেদিন ওই শিক্ষকের ঘরে একাই বসেছিল ওই ছাত্রী। এই সুযোগ নিয়ে ওই শিক্ষক ছাত্রীর শ্লীলতাহানী করেন বলে অভিযোগ। ছাত্রী বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানায়। তার পরেই শিক্ষকের বাড়িতে চড়াও হন ছাত্রীর মা। আরো কয়েকজন অভিভাবক সেখানে ছিলেন। তাঁদেরও বিষয়টি জানা ওই মহিলা। তারপরে শিক্ষককে ঘরের মধ্যে আটকে রেখে কান ধরে উঠবস করান সকলে। অভিভাবকদের মধ্যে কেউ সেই ভিডিও তুলে সোশ্যাল মিড়িয়া পোস্ট করে দেন। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
পুলিশ কাছে ওই ভিডিও পৌঁছতেই সত্যতা যাচাই করতে তদন্ত নামে পুলিশ। অভিযোগকারিণী ওই ছাত্রীর বাড়িতে যায়। এরপরেই ছাত্রীর মা উত্তরপাড়া থানায় শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। অভিযুক্ত ওই শিক্ষক যদিও প্রকাশ্যে মুখ খুলতে চাননি। শুধু জানান যা বলার তাঁর আইনজীবী বলবেন।