
শেষ আপডেট: 20 August 2024 20:30
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। প্রতিবাদ জানিয়ে দুর্গাপুজোর অনুদানও নেবে না বলে জানিয়েছিল উত্তরপাড়ার শক্তি সংঘ ক্লাব। সেই পথেই হাঁটল উত্তরপাড়া জয়কৃষ্ণ স্ট্রিটের 'আপনাদের দুর্গাপূজা' বারোয়ারিও।
সোমবার অনুদান বাতিল করা নিয়ে একটি বৈঠক করেন সদস্যরা। সেখানেই আরজি করের প্রতিবাদে এই সিদ্ধান্তে সহমত পোষণ করেন সকলে।
পুজো কমিটির সদস্য প্রসেনজিৎ ভট্টাচার্য বলেন, "আরজি করে চিকিৎসকের হত্যাকারীদের শাস্তি চাই।রাজ্য দেশ ছাড়িয়ে বিশ্বে প্রতিবাদ চলছে আরজি করের ন্যাক্কারজনক ঘটনার। আমরা চুপ করে বসে থাকি কী করে। আমরাও প্রতিবাদ জানালাম অনুদান প্রত্যাখ্যান করে।"
অপর সদস্য সীমা চট্টোপাধ্যায় বলেন, "ওই চিকিৎসকের বয়সি আমার মেয়ে। এই জঘন্য ঘটনার প্রতিবাদ নানা স্তরে হচ্ছে। আমরাও বিচার চাই। আমি গর্বিত আমাদের পুজো কমিটি এই সিদ্ধান্ত নিতে পেরেছে।"
"আপনাদের পুজো" এবার ৮০ বছরে পা রেখেছে। তবে সরকারের কাছ থেকে টাকা না নিয়েও তারা পুজো করবেন।