
মাহেশে সকাল থেকে শুরু হয় পুজোপাঠ। নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 15 July 2024 15:18
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মাসির বাড়িতে আটদিন কাটিয়ে আজ নবম দিনে উল্টোরথে শ্রীধামে ফিরবেন জগন্নাথ দেব। মাহেশে উৎসব শুরু হয়ে গেছে সকাল থেকেই।
মাসির বাড়ির মন্দিরে সোমবার সকাল থেকে শুরু হয় পুজো পাঠ। কথিত, এইদিনে জগন্নাথদেব ভক্তদের দর্শন দেন। এখানে উল্টোরথের মাহাত্ম্য হল দক্ষিণ দিকে রথ টানা হয়। আর জগন্নাথদেব দক্ষিণা কালী রূপে রথের উপর বিরাজ করেন।
পুরান মতে, উল্টোরথে যদি জগন্নাথদেবের বামন রূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না। মাহেশের সেবাইতরা জানান, ৫৩ বছর পর এবার মোক্ষযোগ। জগন্নাথদেবকে স্পর্শ করলে মোক্ষ লাভ হবে। তাই সকাল থেকে ভক্তদের ঢল নেমেছে মাহেশে। দুপুর আড়াইটার পর সুভদ্রা বলরাম জগন্নাথদেব পরপর রথে উঠবেন। তারপর নিজ গৃহের দিকে যাত্রা করবেন।
এদিন সকালে মাহেশে মাসির বাড়িতে জগন্নাথ দর্শন করে পুজো দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। বললেন, "সকালবেলা জগন্নাথ দর্শন করলাম। এর থেকে বড় প্রাপ্তি আর কী হতে পারে। এবার মোক্ষ যোগ রয়েছে। ভগবান সুযোগ দিয়েছেন বলেই আসতে পারলাম।"