
অঙ্গনওয়ারির দিদিমনিকে ধমক বিধায়ক অসিত মজুমদারের
শেষ আপডেট: 20 November 2024 16:04
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: দেরি করে স্কুলে আসায় একটি শিশুকে খাবার দেওয়া হয়নি বলে অভিযোগ। তারপর থেকে প্রায় পাঁচমাস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যায়নি শিশুটি। অভিযুক্ত দিদিমনি বুধবার স্কুলে এসে প্রকাশ্যেই জোর ধমক খেলেন চুঁচুড়ার বিধায়কের কাছে।
২০২৪ সালের লোকসভা ভোটে চুঁচুড়ায় কেন তৃণমূল হেরেছে তার খোঁজ নিতে জনসংযোগ শুরু করেছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। পাঁচদিন তাঁর বিধানসভা এলাকায় চলবে এই কর্মসূচি। বুধবার প্রথম দিন কোদালিয়া ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপপ্রধান-পঞ্চায়েত সমিতির সভাপতিকে নিয়ে দেবীপুরে বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব অভিযোগ শোনেন অসিতবাবু। সেখানেই একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে জানতে পারেন একটি শিশু একদিন দেরিতে স্কুলে যাওয়ায় বকাঝকা করেন দিদিমনি। তারপর আর সেই শিশু স্কুলে যায়নি, খাবারও পায়নি।
দিদিমনি স্বর্ণ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা হতেই ক্ষোভে ফেটে পড়েন বিধায়ক। ঘটনাচক্রে এদিন আবার নির্ধারিত সময়ের পরে কেন্দ্রে আসেন ওই দিদিমনি। বিধায়ককে বলতে শোনা যায় "একদিন দেরি করায় কেন আপনি বাচ্চাটাকে বকাবকি করেছেন? আপনি কেন বাচ্চাটাকে পরে স্কুলে ফিরিয়ে আনেননি? আপনি নিজে আজ কেন দেরি করে সেন্টারে এসেছেন? আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব।"
দিদিমনি বলেন, "একজন বাচ্চাকে একদিন দেরি করে সেন্টারে ঢুকতে দিলে অন্যরাও সুযোগ নেবে। আমার কাছে সব শিশুই সমান। তাই আমি দেরি করে আসায় একটি বাচ্চাকে বকা দিয়েছিলাম।" তবে বিধায়ক সেই যুক্তি মানতে নারাজ।
তার আগে এদিন সকালে জনসংযোগে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিধায়ক অসিত মজুমদার। কোদালিয়া ১ গ্রাম পঞ্চায়েতের দেবীপুর ইটখোলা গ্রামে গিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন বিধায়ক অসিত মজুমদার। ইটখোলা গ্রামের মানুষের কাছে বিধায়ককে শুনতে হয় কোনও কাজ হয়নি। পঞ্চায়েতের সদস্যরা কোনও কাজ করে না। ড্রেন-রাস্তা-নিকাশি-আলো-আবাসের চাহিদা পূরণ হয়নি। বিধায়কও ভোটের সময় আসেন। বাকি সময় তার দেখা মেলে না।