
বিক্ষোভের মুখে বিধায়ক
শেষ আপডেট: 21 November 2024 14:40
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: লোকসভা ভোটে কেন নিজের জায়গায় হার? কারণ খুঁজছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।
জনসংযোগের দ্বিতীয় দিনে কোদালিয়ার সিংহিবাগান এলাকায় গিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন তিনি।
ভোটারদের কাছে শুনতে হল, উন্নয়ন হয়নি। সরকারি প্রকল্পের সুবিধা পাননি অনেকেই। ভাঙা ত্রিপল ঘেরা মাটির দেওয়ালের ঘরে ঝু্ঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে, অথচ আবাসে নাম নেই। রাস্তা হয়নি, পানীয় জলের সমস্যা রয়েছে, নিকাশির বন্দোবস্ত নেই। বুধবার বিধায়ক সিংহিবাগানের নতুনপাড়ায় ঢুকতেই মানুষের ক্ষোভ দেখা যায়।কেন উন্নয়ন হয়নি, সেই প্রশ্ন তোলেন তাঁরা।
বাসিন্দারা দাবি করেন, এই গ্রাম সংসদ থেকে বিজেপি জিতে পঞ্চায়েত সদস্য হয়েছেন। তাই কাজ হয় না। কোদালিয়া ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকান্ত ঘোষকে সামনে পেয়ে তাঁকে ঘিরে ধরেও ক্ষোভ দেখাতে থাকেন নতুনপাড়ার বাসিন্দারা।তাদের অভিযোগ, তাঁরা কী অবস্থায় রয়েছেন পঞ্চায়েতের কেউ খোঁজ নেয় না। বিধায়কও এলাকায় আসেন না।
গত লোকসভা নির্বাচনে কোদালিয়া পঞ্চায়েত এলাকাতে ৪৮০০ ভোটে পিছিয়ে পরে তৃণমূল। কারণ খুঁজতে গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনতে হচ্ছে বিধায়ক অসিত মজুমদারকে। বিধায়ক বলেন, "যোগাযোগের অভাব ছিল। মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। সেই দূরত্ব কমাতেই এই জনসংযোগ। মানুষের সমস্যা আছে। একা পঞ্চায়েত বা বিধায়কের দ্বারা এত কিছু পূরন করা সম্ভব না। আমার দ্বারা যতটা সম্ভব তা করব।বাকিটা সাংসদকে বলব।জেলা পরিষদকেও বলব। যারা আবাস পায়নি তাদের নাম লিখে নিয়ে যাচ্ছি। বিডিওকে কিছু নাম দিয়েছি। জলের সমস্যা মেটাতে পাম্প বসানো হবে।"
বিজেপির পঞ্চায়েত সদস্য নির্মলচন্দ্র বাগ বলেন, "বিজেপি জিতেছে। তাই কাজ হবে না বলেছে পঞ্চায়েত। রাস্তা জল নিকাশি নিয়ে বহুবার পঞ্চায়েতকে জানানো হয়েছে। কানেই তোলে না। বিধায়ক এখন এসে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।"