
থানার দ্বারস্থ কাউন্সিলর
শেষ আপডেট: 3 August 2024 12:06
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: তৃণমূলের দুই শিবিরের গন্ডগোলে থানা পুলিশ হল চুঁচুড়ায়। হুগলি-চুঁচুড়া পুরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী মণ্ডল গতকাল রাতে চু়ঁচুড়া থানায় তৃণমূল কর্মী, রাজীব ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রাজীব চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের ঘনিষ্ঠ।
কাউন্সিলরকে গালিগালাজের অভিযোগ আনা হয়েছে বিধায়ক ঘনিষ্ঠের বিরুদ্ধে। তৃণমূল কর্মী রাজীব ঘোষের পাল্টা অভিযোগ, পুকুর ভরাট নিয়ে বিধায়ক সক্রিয় হওয়ায় ক্ষুব্ধ হন কাউন্সিলর। তার জেরেই এমন অভিযোগ আনা হয়েছে।
হুগলি-চুঁচুড়া পুরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী মণ্ডল শুক্রবার রাতে চুঁচুড়া থানায় তৃণমূল কর্মী রাজীবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কাউন্সিলরের অভিযোগ, তাঁর ঘনিষ্ঠ সুরজিৎ দে'র বাইকের চাবি কেড়ে নিয়েছিলেন রাজীব। তা নিয়ে মিলিটারি কলোনিতে সুরজিতের সঙ্গে রাজীবের বচসা হয়। তিনি সেখানে পৌঁছে চাবি ফেরত দিতে বলেন। তখন তাঁকে গালিগালাজ করেন রাজীব। ঘটনাস্থল থেকে রাজীব বিধায়ককে ফোন করলে বিধায়ক সুরজিৎকে গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন।
শুক্রবার গভীর রাতে এই নিয়ে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কাউন্সিলর বলেন, "আমি একজন তপশিলি ঘরের মেয়ে। গত সাত বছর ধরে তৃণমূল কংগ্রেসের তপশিলি সেলের সভানেত্রী। আমাকে জাত তুলে গালিগালাজ করে বিধায়ক ঘনিষ্ঠ রাজীব ঘোষ।"
পাল্টা রাজীব তাঁর স্ত্রীকে নিয়ে গিয়ে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন। রাজীব বলেন, "কয়েকদিন আগে এলাকার বাসিন্দাদের অভিযোগ পেয়ে বিধায়ক তিন নম্বর ওয়ার্ডের দুটি পুকুর ভরাটের বিরুদ্ধে সক্রিয় হয়েছিলেন। সেই রাগ থেকেই কাউন্সিলর এসব অভিযোগ করছেন। কয়েকদিন আগে তিন নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মী অমিত পালের জন্মদিনে কেক কেটেছিলেন বিধায়ক। সেই ছবি ফেসবুকে শেয়ার করি। সুরজিৎকে ট্যাগ করেছিলাম। কেন তাকে ট্যাগ করা হয়েছে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে সুরজিৎ।"
লোকসভা ভোটের পরেই চুঁচুড়ায় তৃণমূলের দ্বন্দ্ব প্রকট হয়। চুঁচুড়া বিধানসভায় বিজেপির কাছে পরাজিত হয় তৃণমূল।পুরসভাতেও খুব খারাপ ফল হয় তৃণমূলের। এরপরই দেখা যায় বিধায়ক শিবির ছেড়ে অনেক কাউন্সিলর চেয়ারম্যান অমিত রায়ের শিবিরের যোগ দেয়। ২১ জুলাই এর প্রস্তুতিতে দুটি সভা হয়। সেখানে দুই শিবিরে বিভাজন স্পষ্ট হয়।
তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী মণ্ডল বিধায়ক শিবিরে ছিলেন। লোকসভা ভোটের পর শিবির বদল করেন। বিধায়ক অসিত মজুমদার যদিও বলেন, "আমার বিষয়টি জানা নেই। খবর নেব।"
তৃণমূলের দ্বন্দ্ব নিয়ে বিজেপির সম্পাদক সুরেশ সাউয়ের কটাক্ষ, "তৃণমূলের এই দ্বন্দ্ব আগে ভিতরে ছিল, এখন প্রকাশ্যে চলে এসেছে। থানা পুলিশে অভিযোগ হচ্ছে। আগামী দিনে আরও কত কী দেখতে হবে।" পুলিশ জানিয়েছে দু পক্ষই অভিযোগ করেছে। খতিয়ে দেখা হচ্ছে।