
হাসপাতাল থেকে উদ্ধার হওয়া চন্দ্রবোড়া সাপ
শেষ আপডেট: 20 December 2024 17:30
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সাপের আঁতুড়ঘর হাসপাতাল! আতঙ্কে রয়েছেন রোগীর পরিজনরা। বৃহস্পতিবার শ্রীরামপুর ইএসআই হাসপাতাল চত্বর থেকে উদ্ধার করা হল তিনটি প্রমাণ সাইজের চন্দ্রবোড়া সাপ।
ইএসআই হাসপাতালের ফাঁকা জায়গা ঝোপ জঙ্গলে ভর্তি। জলা জমিও রয়েছে। সেখানে হাসপাতাল ও কোয়ার্টার্সের উচ্ছিষ্ট ফেলা হয়। সেই খাবার খেতে ইঁদুর আসে।আর ইঁদুর খেতে আসে সাপ। এদিন দুপুরের দিকে হাসপাতাল চত্বরে ফাঁকা জায়গায় চন্দ্রবোড়া সাপ দেখতে পাওয়া গেলে তুমুল আতঙ্ক ছড়ায়। ব্যান্ডেলের সর্প বিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিংকে খবর দেওয়া হয়।
সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন চন্দন। হাসপাতাল চত্বর থেকে তিনটি বিষধর চন্দ্রবোড়া ধরেন তিনি। হাসপাতাল চত্বরে আরও সাপ আছে বলে জানান চন্দন। দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বর পরিষ্কার না হওয়ায় সাপের বাসস্থানে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
এদিন রোগীর পরিজনরা বলেন, "রোগী ভর্তি থাকলে হাসপাতালে আসতেই হয়। সেখানেই এত মোটা মোটা চন্দ্রবোড়া সাপ দেখে ভয় লাগছে।" চন্দন বলেন, "ভয় লাগাটা স্বাভাবিক। রাতে অবশ্যই টর্চ নিয়ে পথ চলতে হবে। চন্দ্রবোড়া সাপ এমনভাবে প্রকৃতিতে মিশে থাকে বোঝা যায় না। গায়ে পা পড়লেই ছোবল মারে।"