
সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন
শেষ আপডেট: 19 November 2024 13:32
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শেওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন গার্লসের যে সমস্ত পড়ুয়ার ট্যাবের টাকা হ্যাক হয়েছিল, তাদের টাকা ফিরতে শুরু করেছে। ১২ জন পড়ুয়ার ট্যাবের টাকা সরিয়ে ফেলা হয়েছিল অন্য অ্যাকাউন্টে। শ্রীরামপুর থানায় ছটি স্কুলের ৩৩ জন পড়ুয়ার ট্যাবের টাকা চুরির অভিযোগ দায়ের হয়।
সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন স্কুলের প্রধানশিক্ষিকা রেশমি মুখোপাধ্যায় ভট্টাচার্য জানান, থানায় অভিযোগ দায়ের করা হয়। যাদের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছিল তাদের মধ্যে তিনজন টাকা পেয়ে গেছে ৷ তিনি বলেন, "অন্য অ্যাকাউন্টে চলে গেছে ১২ জনের টাকা। তাদের টাকা ফেরাচ্ছে রাজ্য।"
স্কুল পরিচালন সমিতির সভাপতি সুজিতকুমার মিত্র বলেন, "সরকার সিট গঠন করেছে। তদন্ত চলছে। আমরা যেখানে যেখানে জানানোর সব জায়গায় জানিয়েছি।" রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা চুরির অভিযোগ সামনে আসার পর তদন্ত শুরু হয়েছে। হুগলি জেলাতেও একাধিক স্কুলের শতাধিক পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যায়। তবে মুখ্যমন্ত্রী আগেই আশ্বাস দিয়েছিলেন যাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, প্রত্যেকেই টাকা ফেরত পাবে।