
উত্তাল গঙ্গা
শেষ আপডেট: 31 March 2025 16:13
দেবাশিস গুছাইত
গঙ্গায় হঠাৎ বান এসে উল্টে গেল একটি স্পিডবোট। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ উলুবেড়িয়ার দক্ষিণ জগদীশপুর জেলেপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। তীব্র স্রোতের মুখে মাঝগঙ্গায় উল্টে যায় যাত্রীবোঝাই স্পিডবোটটি। তবে সেই সময় গঙ্গায় থাকা নৌকো ও লঞ্চের সাহায্যে দ্রুত উদ্ধার করা সম্ভব হয় আরোহীদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভরা পূর্ণিমার জেরে বিগত কয়েকদিন ধরেই গঙ্গায় প্রবল স্রোত। নদীতে জোয়ার-ভাটার স্বাভাবিক ওঠানামার চেয়ে বেশি জলস্ফীতি দেখা যাচ্ছে। যা ছোট নৌকো বা স্পিডবোট চলাচলের ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠেছে। সোমবার সকালেও গঙ্গার জলস্তর হঠাৎ বেড়ে যায় এবং প্রবল তোড়ে মাঝগঙ্গায় থাকা স্পিডবোটটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়।
ঘটনার সময় স্পিডবোটটিতে চারজন আরোহী ছিলেন। হঠাৎ স্পিডবোটটি উলটে গেলে তাঁরা নদীতে পড়ে যান। পরিস্থিতি বেগতিক দেখে নদীর পাড়ে থাকা অন্যান্য নৌকা ও লঞ্চ দ্রুত উদ্ধারকাজ শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই মাঝগঙ্গায় গিয়ে বিপদে পড়া আরোহীদের নিরাপদে উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর আরোহীদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। যদিও তাঁদের কেউ গুরুতর আহত হননি, তবু সাবধানতার জন্য তাঁদের চিকিৎসা করানো হয়। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে।
গঙ্গার অপর পাড়ে, আশিপুর ঘাটেও বানের প্রভাব পড়ে। জানা গেছে, প্রবল স্রোতের কারণে ঘাটের জেটির শিকল ছিঁড়ে যায়। এর ফলে ঘাটের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে নৌকা চলাচলে সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।