
বিদেশি টাকা উদ্ধার
শেষ আপডেট: 23 February 2025 19:29
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি টাকা (Foreign Currency)। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ২ কোটি ৬১ লক্ষ টাকা। এই ঘটনায় রবিবার হইচই পড়ল হাওড়া স্টেশনে (Howrah Station)।
আরপিএফ সূত্রে খবর, শনিবার আরপিএফের (RPF) ক্রাইম ইন্টেলিজেন্স উইংয়ের কাছে খবর আসে ডাউন পাটনা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের এক যাত্রীর কাছে প্রচুর বিদেশি টাকা আছে। সেই খবর অনুযায়ী আজ সকালে হাওড়া স্টেশনে ওই ট্রেনের যাত্রীদের ওপর নজরদারি শুরু হয়।
ট্রেনটি যখন প্ল্যাটফর্মে ঢোকে তখন কালো জ্যাকেট পরা এক যাত্রীকে সন্দেহজনকভাবে ট্রেন থেকে নামতে দেখা যায়। আরপিএফ জওয়ানরা তাঁকে আটক করে তল্লাশি চালালে তাঁর ব্যাকপ্যাক এবং প্যান্টের পকেট থেকে ২ লক্ষ ৮৯ হাজার ইউ এস ডলার, ৫২ হাজার ৫০০ সৌদি রিয়াল এবং ৬০০ সিঙ্গাপুরের ডলার উদ্ধার হয়। ভারতীয় মুদ্রায় যার দাম ২ কোটি ৬০ লক্ষ ৯ হাজার ৯০০ টাকা।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই যাত্রী উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে আসছিলেন। তার নাম হেমন্তকুমার পান্ডে। ওই বিপুল পরিমাণ টাকার প্রমাণস্বরূপ তিনি কোনও কাগজপত্র তিনি দেখাতে পারেননি। তখনই আরপিএফ সমস্ত টাকা বাজেয়াপ্ত করে। ধৃতকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তিনি ওই টাকা গোরক্ষপুরের এক ফরেন এক্সচেঞ্জ অপারেটর এর কাছ থেকে নিয়ে কলকাতার পার্ক স্ট্রিটে যাচ্ছিলেন। তাকে আয়কর বিভাগের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।