
রামনবমীতে মিছিল
শেষ আপডেট: 7 April 2025 17:18
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পুলিশের নিষেধ ও নজরদারি দুই-ই ছিল। তা সত্ত্বেও অস্ত্র নিয়েই ফের বের হল রামনবমীর মিছিল। মিছিলে সামিল আট থেকে আশি। সবারই হাতে হাতে ঘুরল অস্ত্র।
সোমবারও রামনবমী উপলক্ষে চুঁচুড়া শরৎ সরণী বানীচক্র মাঠ থেকে এবং ব্যান্ডেল পাকুরতলা হনুমান মন্দির থেকে প্রায় ৩৫ টি শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রায় দেখা গেল বাচ্চা ছেলেদের হাতেও অস্ত্র। ডিজের তালে সেই অস্ত্র নিয়েই হল শোভাযাত্রা।
শিশু কমিশনের বারণ রয়েছে। হাইকোর্টের নির্দেশ রয়েছে অস্ত্র মিছিল করা যাবে না। কিন্তু রবিবারের পর সোমবারও সেই একই ছবি দেখা গেল চুঁচুড়ায়। নিষেধ অমান্য করেই অস্ত্র নিয়ে হল শোভাযাত্রা। তা নিয়ে বিতর্কও জোরদার হল।
রবিবার চুঁচুড়ায় অস্ত্র নিয়ে শোভাযাত্রা করায় পুলিশ গোটা কুড়ি অস্ত্র আটক করে। এ ব্যাপারে সতর্কও করা হয় মিছিলে আসা মানুষদের। সোমবারও দ্রোন ক্যামেরায় পুলিশ নজরদারি চালালেও অস্ত্র নিয়ে মিছিল বের হল একাধিক জায়গায়।