
কর্মবিরতি উঠলেও এখনও স্বাভাবিক হয়নি আলুর যোগান, নিজস্ব চিত্র
শেষ আপডেট: 25 July 2024 12:43
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কর্মবিরতি প্রত্যাহার হয়েছে বুধবার। তবে বৃহস্পতিবারই বাজারে আলুর যোগান স্বাভাবিক হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও একটা দিন অপেক্ষা করতে হবে বলেই মনে করছেন আলু ব্যবসায়ীরা।
তিনদিন পর বুধবার কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠকের পর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। এরপর সন্ধ্যায় আলু বের করা হয় হিমঘর থেকে। সেই আলু বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন আড়তে পাঠানো হচ্ছে। সেখানে ঝাড়াইবাছাইয়ের পর বস্তাবন্দি হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌঁছে যাবে বিভিন্ন বাজারে। শুক্রবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেই আশা। বাজারে আলুর যোগান স্বাভাবিক করতে বৃহস্পতিবার সকাল থেকেই হিমঘরগুলিতে ব্যস্ততা তুঙ্গে।
পরিস্থিতি স্বাভাবিক হলেই দাম আগের থেকে কমে যেতে পারে বলে মনে করছেন আলু ব্যবসায়ীরা। তবে তাঁরা জানান, যে দাবিতে কর্মবিরতি ছিল সেই দাবি পূরণ হয়নি। ভিনরাজ্যে আলু রফতানির ক্ষেত্রে এখনও চালু আছে বিধি নিষেধ। চাষি ও ব্যবসায়ীদের কথা ভেবে তুলে নেওয়া হোক এই বিধি নিষেধ। যদিও আলুর যোগান ও দাম স্বাভাবিক হলে তবেই ভিনরাজ্যে রফতানির সুযোগ মিলবে বলে জানিয়ে দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবারও খুচরো বাজারে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জ্যোতি আলু। দাম বেশি থাকায় অনেক বাজারে খুচরো ব্যবসায়ীরা আলু বিক্রিই বন্ধ করে দিয়েছেন।