
১০ দিন পরে হাসপাতালে রোগীর মৃ্ত্যু
শেষ আপডেট: 19 January 2025 12:26
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ব্যান্ডেল ইএসআই হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। রোগীর আত্মীয়দের অভিযোগ, চিকিৎসা গফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে। চিকিৎসক, নার্সদের মৃত্যুর কারণ জিজ্ঞেস করতে গেলে তাঁদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। ঘাড় ধাক্কা দিয়ে ওয়ার্ড থেকে বের করে দেওয়া হয় তাঁদের।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতের নাম কিরণ দেবী সাউ। বছর পঁয়েতাল্লিশের কিরণদেবী মগড়ার বরোপাড়া বন ফ্রির বাসিন্দা। তিনি সেখানের পোশাক তৈরির কারখানায় কাজ করতেন। গত ৮ জানুয়ারি পেটে ব্যথা নিয়ে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে ভর্তি হন। গত ১০ দিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পরে রবিবার ভোরে তাঁর মৃত্যু হয়।
এদিন ভোরে কিরণদেবীর মৃত্যুর খবর আত্মীয়দের জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরেই ওয়ার্ডে গিয়ে কর্তৃব্যরত নার্সের কাছে মৃত্যুর কারণ জানতে চাইলে রোগীর আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে মৃতের আত্মীয়রা। তাঁদের দাবি, পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিরণদেবীকে। রিপোর্টও করা হয়। রোগীর সমস্ত পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক রয়েছে বলে আত্মীয়দের জানানো হয়েছিল। কিন্তু কিরণের পেটে ব্যথা কমেনি। অবস্থার অবনতি ঘটতে থাকে। কী কারণে পেটে ব্যথা হচ্ছিল সেবিষয়ে নিশ্চিত কিছু জানানো হয়নি বলেই দাবি আত্মীয়দের। পরে ভেন্টিলেশনে দেওয়া হয় ওই মহিলাকে। সেখানেই মৃত্যু হয় তাঁর।
রোগী আত্মীয়দের অভিযোগ, যন্ত্রণা কাতরাতে থাকলেও রোগীকে দেখার জন্য হাসপাতালে কোনও ডাক্তার নেই। ১০দিন ধরে বিনা চিকিৎসাতেই রোগীর মৃত্যু হয়েছে।রেফার করার কথা বললেও হাসপাতাল তা করেনি।
এদিকে হাসপাতালে রোগী আত্মীয়রা বিক্ষোভ শুরু করলে পুলিশকে খবর দেয় কর্তৃপক্ষ। পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া দেয়নি।