
যাত্রীদের ভোগান্তির ছবি
শেষ আপডেট: 23 January 2025 15:05
দেবাশিস গুছাইত, হাওড়া
আশঙ্কা ছিলই। সেইমতোই বৃহস্পতিবার সকাল থেকেই বালি ব্রিজ সহ বালি হল্ট স্টেশনের সামনের জাতীয় সড়কে ধরা পড়ল যাত্রী হয়রানির ছবি। ডানকুনি-শিয়ালদহ শাখায় চারদিন ধরে ট্রেন বন্ধের ঘোষণা আগেই করেছিল পূর্বরেল। আর তার সঙ্গে জানানো হয়েছিল, ওই সময়ই টানা পাঁচদিন বন্ধ থাকবে বালি ব্রিজের একাংশও। কারণ ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ চলবে ওই সময়। বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে থাকা প্রায় ৯৫ বছরের পুরনো রেল ব্রিজের গার্ডার বদলের কাজ চলবে।
আজ সকাল থেকে বালি ব্রিজের উপর বহু যাত্রীকে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে থাকতে দেখা যায়। অনেককেই জীবনের ঝুঁকি নিয়ে সেতুর মাঝে থাকা জালের বেড়া টপকে যেতেও দেখা যায়। বৃহস্পতিবার থেকে ডানকুনিগামী বাস-গাড়ি নিবেদিতা সেতু দিয়ে চলাচল করছে। ফলে ২৩ থেকে ২৭ জানুয়ারি বালি ব্রিজের উপর দিয়ে যাতায়াত করা মানুষদের চরম হয়রানির শিকার হতে হচ্ছে।
চলতি সপ্তাহেই হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে গাড়ি চলাচলের জন্য নির্দিষ্ট রুটের ঘোষণা করা হয়। নির্দেশিকাতে জানানো হয়েছে, গতকাল বুধবার ২২ জানুয়ারি রাত ১২টা থেকে বালি ব্রিজের একাংশ দিয়ে বন্ধ করা হয়েছে যান চলাচল। ২৭ জানুয়ারি পর্যন্ত যান চলাচলে এই নিয়ন্ত্রণবিধি চলবে। তবে বিকল্প রুটও ঠিক করা হয়েছে। জানানো হয়েছে, বালি ব্রিজের একাংশ দিয়ে কলকাতাগামী গাড়ি ঢুকতে পারবে। কিন্তু কলকাতা থেকে বালি হল্ট, হয়ে বম্বে রোড, দিল্লি রোডগামী বাস বা গাড়ি বেরোতে পারবে না। সেই বাসগুলো যাবে নিবেদিতা সেতু হয়ে। তবে বাসের কোনও টোলট্যাক্স লাগবে না। তা রেলের তরফে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
শনিবার পরিবহণ ভবনে এবিষয়ে বৈঠক হয়। সেখানে রেল, পুলিশ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং পরিবহণ দফতরের কর্তারা উপস্থিত ছিলেন। সেখানেই ঠিক হয়েছে, বালি ব্রিজ দিয়ে কলকাতাগামী লেন খোলা রাখা হলেও উল্টোদিকে বেরোনোর লেন বন্ধ থাকবে।
রেলের তরফে জানানো হয়েছে, এই কাজ চলার কারণে শিয়ালদহ-ডানকুনি শাখায় বাতিল করা হয়েছে ২২ জোড়া লোকাল ও একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন। বালিহল্টে যাত্রীদের ওঠা- নামার জন্য নিবেদিতা সেতুর মাঝেই একটি জায়গা করা হয়েছে। বাস থেকে নেমে যাত্রীরা যাতে হাওড়া লাইনের ট্রেন ধরতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সেতুর একটি লেন বন্ধ থাকায়, দিল্লিরোডগামী বাস নিবেদিতা সেতু দিয়ে যাবে।