
প্রতীকা ছবি
শেষ আপডেট: 20 February 2025 15:32
দ্য ওয়াল ব্যুরো: হাওড়ায় পেট্রোল পাম্পের সামনে গাড়ির মধ্যে হুগলির পুলিশ অফিসার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শোরগোল পড়েছে দুই জেলাতেই। বুধবার রাতে ঠিক কী হয়েছিল, কেন গুলি চলল, ওই পুলিশ অফিসার কেন ওখানে গিয়েছিলেন, যুবতীর কী ভূমিকা তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে পুলিশ। তারপরেই সামনে এসেছে বেশ কিছু তথ্য। সূত্রের খবর বান্ধবীর সঙ্গে বচসার জেরেই গুলিবিদ্ধ হয়েছেন চণ্ডীতলা থানার ওই আধিকারিক। ওই মহিলা পুলিশ আধিকারিকের বান্ধবী বলেই জানা যাচ্ছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, পুলিশ আধিকারিক জয়ন্ত পালের বান্ধবী হাওড়ার একটি পানশালার কর্মী। সাঁকরাইলে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন। বেশ কয়েক মাস ধরেই জয়ন্তবাবুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে। ওই ফ্ল্যাটে মাঝেমধ্যেই আসতেন তিনি। বুধবার বান্ধবীকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে গিয়েছিলেন তিনি। প্রায় ৩০ হাজার টাকার কেনাকাটি করেন। তারপরেই গাড়ি নিয়ে ফেরার সময় তাঁদের বচসা বাঁধে।
তদন্তকারীরা আরও জানতে পারেন একটি বেসরকারি গাড়িতে পুলিশ স্টিকার লাগিয়ে তাঁরা এসেছিলেন হাওড়ায়। রাত এগারোটা নাগাদ হাওড়া ঘোষপাড়া পেট্রলপাম্পের সামনে গুলিবিদ্ধ হন জয়ন্ত পাল। পুলিশ আধিকারিক গুলিবিদ্ধ হয়েছেন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন ব্যাঁটরা ও শিবপুর থানার পুলিশ।