
প্রতীকী ছবি
শেষ আপডেট: 10 April 2025 19:26
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শিশু পাচারের অভিযোগে উত্তরপাড়া থেকে এক মহিলা চিকিৎসককে গ্রেফতার করল মুম্বই পুলিশ। তার হেফাজতে থাকা দুটি শিশুকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুম্বই পুলিশের ওয়াডেলা ট্রাক টার্মিনাল থানার চার সদস্যের একটি দল বুধবার উত্তরপাড়ায় আসে। ওই থানায় একটি অভিযোগের তদন্তে। উত্তরপাড়া থানার পুলিশের সাহায্য নিয়ে জ্ঞানেন্দ্র অ্যাভিনিউ থেকে মৌসুমী বন্দ্যোপাধ্যায় নামে এক মহিলাকে গ্রেফতার করে। তার কাছেই ছিল একটি পাঁচ বছর ও একটি দুই বছরের শিশু।
ধৃত মহিলা পেশায় একজন দাঁতের চিকিৎসক বলে জানা গেছে। উড়িষ্যার একটি হাসপাতালে ডেন্টিস্ট হিসাবে কাজ করেছেন। ধৃতকে বৃহস্পতিবার শ্রীরামপুর আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নেয় মুম্বই পুলিশ। শুক্রবার ভোরে তাঁকে মুম্বই নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে। মুম্বই পুলিশ সূত্রে খবর, এই মামলায় ইতিমধ্য়েই মুম্বই থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
উত্তরপাড়া থানা সূত্রে জানা গেছে, মুম্বই পুলিশের দলটি থানায় রিকুইজিশন দেয়। একটি মামলায় তল্লাশি অভিযান চালানো হবে। মুম্বাইয়ে যারা ধরা পড়ে, তাদের জেরা করেই উত্তরপাড়া যোগ পায় পুলিশ।