
শেষ আপডেট: 28 December 2024 11:36
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বলাগড়ের চাদরায় গঙ্গায় বিষ দিয়ে মাছ মারতে এসে ধরা পড়ল শান্তিপুরের দুই বাসিন্দা। জলে বিষ মিশিয়ে মাছ ধরতে দেখতে পেয়ে বাধা দেন স্থানীয় মৎস্যজীবীরা। তারপরেই তাদের উপর চড়াও হয় ওই দুষ্কৃতীরা। বাঁশ দিয়ে আঘাত করে পালানোর চেষ্টা করে। কিন্তু শেষরক্ষা হয়নি। বাসিন্দারা তাদের ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত বারোটা নাগাদ চাদরায় একটি ছোটো ভুটভুটি নৌকা করে মাছ ধরতে আসে জনা তিনেক লোক। মাছ মারা কীটনাশক ছড়ায় গঙ্গায়। চাদরার পাড়ের বাসিন্দা সব মৎসজীবী পরিবার। এক মৎসজীবী ফটিক হালদারের নজরে আসে ঘটনাটি। অন্য মৎস্যজীবীদের ঘুম থেকে ডেকে তুলে একসঙ্গে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তখন শান্তিপুর গবার চর থেকে মাছ ধরতে আসা তিন ব্যক্তি বড়ো বাঁশ দিয়ে প্রতিবাদীদের আক্রমণ করে,বাঁশের আঘাতে আহত হন ফটিক হালদার।
এলাকার মৎস্যজীবীরা তাদের তাড়া করলে তিন ব্যক্তি জলে ঝাঁপ দেয়। তাদের মধ্যে দুজনকে ধরে পাড়ে তোলা হয়। অন্য একজন স্থানীয় মৎস্যজীবী পাঁচু কোলের একটি মাছ ধরা নৌকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে বলাগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে যায়। ঘটনার কথা জানিয়ে বলাগড় থানায় লিখিত অভিযোগ করেন চাদরার বাসিন্দারা।
মৎস্যজীবীরা জানান, গঙ্গায় মাছ শিকার করেই তাদের জীবিকা চলে। অন্য জায়গা থেকে এসে এইভাবে রাতের অন্ধকারে জলে বিষ প্রয়োগ করে মাছ ধরে নিয়ে গেলে ওই জলে আর মাছ পাওয়া যায় না। পুলিশ জানিয়েছে, দুজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবারই তাদের চুঁচুড়া আদালতে পেশ করা হবে।