দমকল সূত্রে খবর, আগুনের তীব্রতা এতটাই বেশি যে, পরিস্থিতি সামাল দিতে আরও ইঞ্জিন পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 13 November 2025 23:47
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ হাওড়ার হাঁসখালি পোলের কাছে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড (South Howrah massive fire)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দানেশ শেখ লেনের কাছে আন্দুল-চাঁদমারি রোড এলাকায় এলাকায় একটি স্পঞ্জ তৈরির কারখানায় (fire at spone factory) আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে, কারণ কারখানার ভিতরে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল।
রাত ১১টা নাগাদ আগুন লাগে বলে খবর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। ইতিমধ্যেই দমকলের ছ’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নেমেছে। দমকল কর্মীরা প্রাথমিকভাবে চেষ্টা করছেন যাতে আগুন পাশের এলাকায় ছড়িয়ে না পড়ে। আশপাশে ছোট ছোট গুদাম ও বসতবাড়ি থাকায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
দমকল সূত্রে খবর, আগুনের তীব্রতা এতটাই বেশি যে, পরিস্থিতি সামাল দিতে আরও ইঞ্জিন পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্থানীয় থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
গোডাউন এবং ম্যানুফ্যাকচারিং ইউনিটে কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা।