
জলসঙ্কটে হাওড়া
শেষ আপডেট: 22 March 2025 13:27
দ্য ওয়াল ব্যুরো: এমনিতেই জলসঙ্কটে ভুগছে উত্তর হাওড়া (Howrah) এবং শিবপুর বিধানসভা এলাকার বিস্তীর্ণ এলাকা। তার ওপর এখন আরও দুই বিপর্যয়ে বিধ্বস্ত স্থানীয় বাসিন্দারা।
মাটিতে ধস নামায় ফাটল ধরেছে পরপর বাড়িতে। একাধিক জায়গায় বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়ে গিয়েছে। বিপদ এড়াতে প্রায় ৩০টি পরিবারকে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী একটি স্কুল এবং একটি ক্লাবে থাকার ব্যবস্থা করা হয়েছে। বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।
বুধবার রাতে হাওড়া পুরসভার (Howrah Corporation) আট নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া ভাগাড়ে ধস নামে। যার জেরে মাটির নীচের দু'টি পাইপে বড়সড় ফাটল দেখা দেয়। যার ফলে ওই এলাকায় পদ্মপুকুর জল প্রকল্পের জলাধার থেকে জল সরবরাহ বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার সকালে হাওড়া পুরসভার কর্মী, আধিকারিকেরা ঘটনাস্থলে যান। তাঁরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন বটে, কিন্তু নির্দিষ্ট করে বলতে পারেননি কবে সমস্যার সমাধান হবে।
কথা ছিল শুক্রবার সকাল থেকে পুনরায় পানীয় জল সরবরাহ করা হবে। তবে সেই আবহের মধ্যেই শুক্রবার সকালে ফের নতুন করে ধস নামে ওই এলাকায়। যার জেরে পুরোপুরি বন্ধ হয়ে যায় মেরামতির কাজ।
শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। তাঁর বক্তব্য, মানুষের জন্য কাজ করতে গিয়েই বিপর্যয় হয়েছে। এলাকা থেকে ভাগাড় সরানোর চিন্তাভাবনা করছে সরকার। বিশেষজ্ঞদের মতামত নিয়ে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা গিয়েছে, বাসিন্দাদের পানীয় জলের সঙ্কট মেটাতে কলকাতা পুরসভা (Kolkata Corporation) থেকে জলের গাড়ি আনা হবে।