
মণ্ডপ তৈরিতে বাধা বৃষ্টি
শেষ আপডেট: 25 October 2024 18:43
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: জলে থৈ থৈ করছে পুজো মণ্ডপ। প্যান্ডেলের কাপড় ভিজে চুপচুপে। থিম জলে গলে যাওয়ার উপক্রম। একটানা বৃষ্টিতে মাথায় হাত পান্ডুয়ার কালীপুজোর উদ্যোক্তাদের। পুজো একদিন বাড়ানোর আবেদন জানালেন তাঁরা।
উত্তর ২৪ পরগনার বারাসত-নৈহাটিতে যেমন কালীপুজো হয় খুব বড় করে, হুগলির পান্ডুয়াতেও কালীপুজোর জাঁকজমক খুব বেশি। চারদিন ধরে হয় উৎসব। দর্শনার্থীদের ভিড় হয় মণ্ডপে মণ্ডপে। পান্ডুয়া থানা এলাকায় প্রায় ৪৬ টি কালীপুজো হয় কেন্দ্রীয় পুজো কমিটির নিয়ন্ত্রণে। এছাড়াও অনেক কম বাজেটের পুজো হয়। দুর্গাপুজো পান্ডুয়াতে খুব একটা জাঁকজমক করে হয় না। তাই কালীপুজোয় বারোয়ারিগুলো একে অপরকে টেক্কা দেওয়ার জন্য তৈরি হয়। তৈরি হয় থিমের মণ্ডপ ও প্রতিমা।
কিন্তু ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি শুরু হওয়ায় পুজো প্রস্তুতি ধাক্কা খেল। পুজো মণ্ডপ তৈরির কাজ এখনও বেশ কিছুটা বাকি। সেই কাজ কী করে হবে তা নিয়ে চিন্তায় পড়েছেন পুজো উদ্যোক্তারা। বৃষ্টিতে মণ্ডপ তৈরির কাজ থমকে গেছে। বাঁশ না শুকোলে কাজ করা যাবে না। পুজো মণ্ডপের ভেতরে জল ঢুকেছে। মাঠে জল দাঁড়িয়ে রয়েছে এমন অবস্থায় মণ্ডপের কাজ শেষ করাই চ্যালেঞ্জ।
পান্ডুয়া কালীপুজো সেন্ট্রাল কমিটিকে উদ্যোক্তারা জানিয়েছেন, চারদিনের কালীপুজো হলেও পুজো প্রস্তুতিতেই একটা দিন চলে যাবে। তাই নির্দিষ্ট চার দিনের বদলে পুজো যাতে পাঁচদিন করা যায়, সেই ব্যবস্থা করা হোক। কেন্দ্রীয় কমিটি থানা ও ব্লক প্রশাসনের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করবে বলে জানিয়েছে।