
শেষ আপডেট: 9 April 2025 17:12
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। এবার নিজেদের যোগ্য বলে দাবি করে হুগলির ডি আই অফিস অভিযানে সামিল হলেন চাকরিহারারা। হুগলি স্টেশনে জমায়েত হয়ে তারা মিছিল করে ডিআই অফিস অভিযানে রওনা দেন। মাঝে হুগলির মোড়ে জি টি রোড অবরোধ করেন কিছুক্ষণের জন্য। তারপর আবার মিছিল এগিয়ে যায় পিপুলপাতিতে শিক্ষা ভবনের দিকে।
ডিআই অফিসে বিক্ষোভকারী শিক্ষকরা তালা ঝুলিয়ে দেন। শিক্ষা ভবনের ঢোকার মূল গেটেও তালা ঝুলিয়ে দেন। বিক্ষোভ চলতে থাকে। তাঁদের দাবি ওএমআর সিটের মিরর ইমেজ প্রকাশ পড়তে হবে, অযোগ্যদের বাতিল করে যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে। তাঁদের দাবি, তাঁরা কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তারপরেও তাঁদের রাস্তায় নামতে হল।
আন্দোলনকারী শিক্ষিক শিক্ষিকারা বলেন, "কেউ আমাদের পাশে নেই ,আমরা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিলাম। সেই যোগ্যতা আমরা নিজেরাই ছিনিয়ে নিতে চাই। আমাদের রাস্তায় বসানোর জন্য সবপক্ষই দায়ী। আমরা যে যোগ্যতায় চাকরি পেয়েছি তা আমরা কোনোভাবেই হারাতে চাই না। কোর্ট বলে দিয়েছে যারা অযোগ্য তাদের বেতন ফিরিয়ে দিতে হবে। কিন্তু আমাদের তো আর বলেনি তার মানে আমরা যোগ্য। আমাদের মনের অবস্থা এখন সেরকম নেই যে আমরা স্কুলে গিয়ে আবার পড়াব। যতদিন না আমরা সসম্মানে স্কুলে ফিরতে পারি ততদিন আমরা স্কুলে যাব না।"
চাকরিহারাদের সঙ্গে কথা বলতে অফিসের বাইরে বেরিয়ে আসেন হুগলির ডিআই। সেখানে তাকে দাবিপত্র পড়ে শোনানো হয়। স্মারকলিপি তুলে দেওয়া হয় তাঁর হাতে। হুগলির ডিআই সত্যজিৎ মণ্ডল বলেন, যোগ্য অযোগ্য বাছাই এর দায়িত্ব ডিআই এর নয়। যোগ্য অযোগ্য বাছাই করার জন্য স্কুল সার্ভিস কমিশন রয়েছে। তারাই বিষয়টি বলতে পারবে।"