
শেষ আপডেট: 1 September 2024 20:16
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আরজি কর ঘটনার ১৫ দিন আগে চুঁচুড়ার এক ডাক্তারকে ফোনে হুমকি দিয়েছিলেন অভীক দে। এমনই বিস্ফোরণ অভিযোগ করলেন আইএম-এর হুগলি চুঁচুড়া শাখার সভাপতি ডাক্তার ইন্দ্রনীল চৌধুরী।
কে এই অভীক দে? ব্যাখ্যা দিতে গিয়ে ডাক্তারবাবুর দাবি, এসএসকেএমের পিজিটি এই অভীক, হাসপাতালে মেডিক্যাল মাফিয়া চক্র চালান। তার দলবলই সিন্ডিকেট চালাচ্ছে। ওই লবির আবার দুটি শাখা রয়েছে দক্ষিণবঙ্গ লবি, উত্তরবঙ্গ লবি। বয়স ও অভিজ্ঞতাতে ছোটো হলেও ক্ষমতা রয়েছে এই অভীক দের।
তিনি দাবি করেন, মেডিক্যাল সিন্ডিকেট ও লবি সব জেলায় আছে। কোভিড কোটায় এসএসকেএম হাসপাতালে এমডিতে ভর্তি হচ্ছে। শুধু লবির জোরে একই হাসপাতালে বছরের পর বছর থেকে যান ডাক্তাররা। একটা গোষ্ঠী গোটা সিস্টেমটা চালাচ্ছে।
ডাক্তার ইন্দ্রনীল চৌধুরী জানিয়েছেন, আরজি করের ডাক্তারকে ধর্ষণ করে খুনের পরে মেডিক্যাল সিন্ডিকেট নিয়ে যে বিষয়গুলি সামনে আসছে। সেগুলিতে জড়িত এমন কয়েকজন ডাক্তারদের নাম সিবিআই কে দেওয়ার জন্য রাজ্য আইএমএকে মুখ বন্ধ খামে দেবে হুগলি চুঁচুড়া আইএমএ।
রবিবার চুঁচুড়ায় প্রেস ক্লাব অফ হুগলির সভা কক্ষে সাংবাদিক বৈঠকে করেন হুগলি চুঁচুড়া আইএমএ শাখার সদস্যরা। এই মুহূর্তে এই শাখায় ২৬২ জন সদস্য রয়েছেন।