দ্য ওয়াল ব্যুরো: শিল্প ও ব্যবসায়িক সমৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে পরিচিত, কলকাতার 'যমজ শহর' হাওড়া (Howrah)। এবার এই শহরে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে রিয়েল এস্টেটের (Howrah Real Estate)। দ্রুত পরিকাঠামোগত উন্নয়ন, অত্যাধুনিক সংযোগ ব্যবস্থা এবং আধুনিক নগরায়নের ফলে এই হাওড়াই ধীরে ধীরে হয়ে উঠছে মানসম্মত আবাসনের জন্য এক আদর্শ গন্তব্য। একদিকে শহর কলকাতার তুলনায় খানিকটা স্বল্পমূল্যে আবার অন্যদিকে সবরকম শহুরে সুযোগসুবিধা এবং আধুনিকতা-সহ আবাসনের ডালা সাজিয়েছে হাওড়া।
ইদানীং হাওড়ার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে, দুর্দান্ত সংযোগ ব্যবস্থা। হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর সেতু আগেই ছিল, এ শহরকে অন্যত্র পৌঁছে দেওয়ার জন্য, পাশাপাশি এখন সম্প্রসারিত মেট্রো নেটওয়ার্কের মাধ্যমে কলকাতার মূল বাণিজ্যিক অঞ্চলগুলোর সঙ্গে সংযোগ আগের চেয়ে অনেক বেশি মসৃণ হয়েছে। এই চলমান পরিকাঠামোগত উন্নয়নের ফলে শহরবাসীর যাতায়াত এখন আরও সহজ এবং সেই সঙ্গেই সময়ের সাশ্রয়।
বাজেটের মধ্যে স্বপ্নের ঠিকানা
কলকাতায় যে সম্পত্তির দাম আজকাল ক্রমাগত বাড়ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এর ফলে স্বাভাবিক ভাবেই মধ্যবিত্ত এবং নবীন ক্রেতাদের কাছে হাওড়া একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠছে। তার উপর ইডেন রিয়েলটির মতো নির্মাণ সংস্থার প্রকল্প ‘সোলারিস শালিমার’-এর মতো আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন আবাসন প্রকল্প হাওড়াকে আরও আকর্ষণীয় করে তুলছে। বিশ্বমানের ডিজাইন, সমৃদ্ধ সামাজিক পরিকাঠামো ও বাজেট-বান্ধব মূল্যের কারণে হাওড়ায় বাড়ি কেনা এখন অনেক বেশি সহজসাধ্য।
বিকাশের নতুন দিগন্ত
শুধু আবাসন হলেই তো হবে না, সেই সঙ্গে দরকার আশপাশের উন্নয়নও। সেই দিক থেকে দেখতে গেলে নতুন নতুন রাস্তা, উন্নত গণপরিবহন এবং একের পর এক বাণিজ্যিক ও খুচরো বিক্রয় কেন্দ্র তৈরি হওয়ায় হাওড়ার নগর চিত্র বদলে যাচ্ছে প্রতিনিয়ত। আধুনিক শপিং মল, বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান, প্রথম শ্রেণির স্বাস্থ্যসেবা এবং নতুন নতুন বিনোদন কেন্দ্রের প্রসার-- স্বয়ংসম্পূর্ণ ও সুসজ্জিত নগর কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে হাওড়াকে।
আধুনিকতার ও ঐতিহ্যের মেলবন্ধন
এত আবাসন ও উন্নয়নের মধ্যেও একথা আলাদা করে উল্লেখ করতেই হয়, যে নিজস্ব ঐতিহ্যকে সুরক্ষিত রেখেই আধুনিকতার পথে এগিয়ে চলেছে হাওড়া। ফলে নানাবিধ ঐতিহাসিক নিদর্শন থেকে শুরু করে নতুন নতুন আকাশছোঁয়া আবাসন প্রকল্প— সব মিলিয়ে ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব সংমিশ্রণ হয়ে উঠেছে এই শহর।
নদীর ধারের স্বপ্নময় জীবন
হুগলি নদীর সান্নিধ্য হাওড়ার অন্যতম বড় সম্পদ। শহরের একাংশে পাওয়া যাচ্ছে বিলাসবহুল রিভারসাইড অ্যাপার্টমেন্ট, যা নাগরিক ব্যস্ততার মাঝেও এক শান্তিপূর্ণ আবাসনের অভিজ্ঞতা দিচ্ছে।
হাওড়াই কি ভবিষ্যৎ?
পরিকাঠামোগত উন্নয়ন, দুর্দান্ত সংযোগ ব্যবস্থা এবং ক্রমবর্ধমান আবাসন চাহিদার কারণে হাওড়া আর এখন কেবল কলকাতার উপকণ্ঠ নয়, হাওড়া এখন নিজেই একটি সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ আবাসন কেন্দ্র হয়ে উঠছে। 'কলকাতার যমজ শহর' ক্রমশ বদলে যাচ্ছে নতুন এক স্বয়ংসম্পূর্ণ শহরে। তাই এখন আর হাওড়ায় গিয়ে বসবাস করার ক্ষেত্রে এটা আর প্রশ্ন নয়, যে 'কেন অন্য শহর ছেড়ে হাওড়া যাব?' এখন বরং আত্মবিশ্বাসের সঙ্গে এই প্রশ্নই করা যায়, 'আধুনিক জীবনে যাপনের ঠিকানা কেন হাওড়া নয়?'